২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে বহুতল ভবনে বিস্ফোরণ, আহত ৩

রাজধানীর মিরপুরে একটি বহুতল ভবনে শুক্রবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৩ ব্যক্তি আহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2011, 05:46 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে একটি বহুতল ভবনে শুক্রবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৩ ব্যক্তি আহত হন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে মিরপুর ২-এর পাঁচ নম্বর সড়কে ই-ব্লকের একটি ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। আহত ৩ জন হলেন ফোরকান আহমেদ (২৮), মো.আতিকুল্লাহ (৩৮) ও কায়সার উদ্দিন (৪১)। তাদেরকে রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের হাত, পা ও মুখমণ্ডলের বিভিন্ন স্থান ঝলসে গেছে। মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই ভবনের দ্বিতীয় তলায় 'বেবী সাইন বিউটি পারলার' ও 'সমন্বয় অফির্সাস সমবায় বহুমুখী সমিতি'-র অফিস রয়েছে। আহত আতিকুল্লাহ সাংবাদিকদের বলেন, তারা সমবায় সমিতি অফিসের কলিং বেলের সুইচ টেপার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে। এসআই আশরাফুল জানান, তবে বিস্ফোরণ ঘটে বিউটি পারলারে। এতে পারলারের জানালার কাঁচ ভেঙে গেছে। বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। পুলিশ ধারণা করছে, গ্যাস লাইনের পাইপে বিস্ফোরণের কারণে এ ঘটনা ঘটতে পারে। দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জানান, দমকল বাহিনীর দুটি গাড়ি ঘটনাস্থলে কাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/পিএনবি/এইচএ/২৩৩০ ঘ.