গাইবান্ধা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- গাইবান্ধা শহরের গোরস্থান মোড়ে শুক্রবার সন্ধ্যায় ট্রাক চাপায় দুই স্কুল শিক্ষকসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হন ১৫ জন।
নিহতরা হলেন- সদর উপজেলার পিয়ারাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভবতোষ চন্দ্র (৪৫), উদাখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনীন্দ্র নাথ (৫০), ত্রিমোহনী গ্রামের রাহেলা বেগম (৩৫) ও মাহতাব হোসেন ৪০। বাকিদের নাম জানা যায়নি।
আহতদের মধ্যে এক শিশুকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ১৪ জনকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজউদ্দিন সাংবাদিকদের বলেন, সন্ধ্যা সোয়া ৭টার দিকে শহরের শনিমন্দির এলাকা থেকে একটি ট্রাক সার্কুলার রোডে আসার পথে কয়েকটি যানবাহন ও কয়েকজন পথচারীকে চাপা দিয়ে ফুটপাথে উঠে যায়।
এতে ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে নেওয়ার পথে দু'জন মারা যান।
ওই সময় ট্রাকটি একটি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি টেম্পু ও দুইটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে দেয়।
ট্রাকসহ চালক মিনারুল ইসলামকে আটক করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৩ ঘ.
bdnews24