নারায়ণগঞ্জ, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-সিলেট মহাসড়কে রূপগঞ্জ উপজেলার আধুরিয়ায় দু'টি যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তঃত ৩০ জন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। ভাংচুর করে ৭/৮টি যানবাহন। এতে সড়কের উভয়দিকে ৮ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। র্যাব ও পুলিশ এসে স্পিড ব্রেকার তৈরির আশ্বাস দিলে জনতা সকাল সাড়ে ১১টার দিকে অবরোধ তুলে নেয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আধুরিয়ায় সকাল সাড়ে ৯টার দিকে তৃষা পরিবহনের ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী নিউ নিপুন ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে নিপুন পরিবহনের যাত্রীবাহী বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং তৃষা পরিবহনের যাত্রীবাহী বাসটি সড়কে উল্টে যায়।
তৃষা পরিবহনের বাসটি দুমড়ে মুচড়ে যায় ও ছাদ ভেঙ্গে ছিটকে পড়ে। দুর্ঘটনায় ৩২ জনকে আহতাবস্থায় উদ্ধার করা হয়। এদের মধ্যে কয়েক জনের নাম জানা গেছে। তারা হলো রশিদ মিয়া (২৮), আমির হোসেন (২২), মিজানুর রহমান (২৫), আলাউদ্দিন মিয়া (৪২), দেলোয়ার হোসেন (২০), আমেনা বেগম (৩৪), ইয়াছমিন আক্তার (১৮) ও মো. সোহেল (২৬)।
আহতদের মধ্যে তৃষা পরিবহনের বাসের যাত্রী ব্রাহ্মনবাড়িয়া জেলার বিজয়নগর এলাকার সমর উদ্দিনের ছেলে ব্যবসায়ী মুজিবুর রহমান ও একই জেলার সরাইল ব্রাহ্মণেরগাঁও এলাকার মৃত জবান আলীর ছেলে সাবেক ইউপি সদস্য মাইদুর আলী হাসপাতালে মারা যান।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, খাদে পড়া নিপুন ট্রান্সপোর্টের বাসটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে এলাকাবাসী আধুরিয়ায় স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করে। তারা ৭/৮টি যানবাহন ভাংচুর করে। পরে র্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়কে স্পিড ব্রেকার নির্মাণের আশ্বাস দিলে এলাকাবাসী বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয়। এরপর সড়কে যান চলাচল শুরু হয়।
রূপগঞ্জ থানার ওসি ফোরকান শিকদার জানান, উল্টে যাওয়া বাসটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২০২ ঘ.
bdnews24