২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিবরিয়া হত্যা 'অভিযোগপত্র নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিব্রত'

কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্র দাখিল হওয়ার আগেই পত্রিকায় এ সংক্রান্ত খবর প্রকাশিত হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিব্রত হয়েছে বলে দাবি করেছেন মামলার বাদী ও সংসদ সদস্য আব্দুল মজিদ খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2011, 03:17 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

হবিগঞ্জ, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্র আদালতে দাখিল করার আগেই পত্রিকায় এ সংক্রান্ত খবর প্রকাশিত হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিব্রত হয়েছে বলে দাবি করেছেন মামলার বাদী ও হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। এ কারণে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) রফিকুল ইসলামকে ঢাকায় তলব করা হয়েছে উল্লেখ করে বৃহস্পতিবার তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্স সফর শেষে দেশে ফেরার পর অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে। তদন্ত কর্মকর্তা এ ধরনের কোনো নির্দেশনা পাওয়ার কথা অস্বীকার করেছেন। তবে তার পক্ষে বিশেষ পিপি কিশোর কুমার কর বৃহস্পতিবার সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে আরো সময়ের আবেদন করলে আদালত আগামী ৭ জুন সম্পূরক অভিযোগপত্র দাখিলের নতুন তারিখ নির্ধারণ করে দেয়। ২০০৫ সালে হবিগঞ্জের বৈদ্যেরবাজারে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য কিবরিয়াসহ ৫ জন নিহত হওয়ার ঘটনায় সম্পূরক অভিযোগপত্র দেওয়ার কথা ছিল বুধবার বিকালে। তদন্ত কর্মকর্তা (আইও) রফিকুল ইসলাম আদালতেও যান। কিন্তু পরে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট ইনস্পেক্টর আব্দুল বাসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সম্পূরক অভিযোগপত্র জমা দিতে গেলেও হাকিম না থাকায় তা জমা হয়নি। সম্পূরক অভিযোগপত্র জমা দেওয়ার জন্য প্রস্তুত জানিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও হুজি প্রধান মুফতি হান্নানসহ ১৪ জনের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছেন তিনি। একইসঙ্গে তিনি জানান, এ মামলার পুরনো অভিযোগপত্রভুক্ত ১০ আসামির বিরুদ্ধে অভিযোগের প্রমাণ তিনি পাননি। তদন্ত কর্মকর্তার বরাত দিয়ে বৃহস্পতিবার দেশের প্রধান দৈনিকগুলোতে সম্পূরক অভিযোগপত্র নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। কিবরিয়ার পরিবার একটি পত্রিকাকে জানায়, তারা এই অভিযোগপত্র মেনে নেবে না। মামলার বাদী ও সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ শহরে নিজের বাসায় সাংবাদিকদের বলেন, সম্পূরক অভিযোগপত্র আদালতে দাখিল করার আগেই পত্রিকায় এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে। এর প্রেক্ষিতে কিবরিয়ার পরিবার স্বরাষ্ট্রমন্ত্রীকে সম্পূরক অভিযোগপত্র প্রত্যাখানের কথা জানিয়েছে। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিব্রত। এ কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে ঢাকায় তলব করা হয়েছে বলেও জানান তিনি। আব্দুল মজিদ খান বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফর শেষে ফেরার পর এ মামলার সম্পূরক অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।" অবশ্য তদন্ত কর্মকর্তার দাবি, এগুলো সংসদ সদস্যের একান্তই 'নিজস্ব বক্তব্য'। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো নির্দেশনা আমি পাইনি। আর তদন্ত প্রতিদেনের সঙ্গে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কোনো সম্পর্ক নেই। সময় হলেই তা জমা দেওয়া হবে।" ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য কিবরিয়াসহ ৫ জন নিহত হন। ওই ঘটনায় আব্দুল মজিদ খান হবিগঞ্জ বাদী হয়ে সদর থানায় মামলা করেন। ওই বছর ১০ মার্চ দশ জনকে আসামি করে অভিযোগপত্র দেন সিআইডির তখনকার সিনিয়র এএসপি মুন্সী আতিকুর রহমান। তবে বাদীর আবেদনে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে হাইকোর্ট মামলাটিতে অধিকতর তদন্তের নির্দেশ দেয়। ২০০৮ সালের সেপ্টেম্বরে মামলাটি সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। অধিকতর তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামকে। তার পক্ষে বিশেষ পিপি কিশোর কুমার কর বৃহস্পতিবার সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে আরো সময় চেয়ে আবেদন করলে জেলা ও দায়রা জজ মো. মমিনউল্লাহ আগামী ৭ জুন সম্পূরক অভিযোগপত্র দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেন। কিশোর কুমার বলেন, "সম্পূরক অভিযোগপত্র চূড়ান্ত হয়ে গেছে। আশা করি, আর সময় চাওয়ার প্রয়োজন হবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/সিএস/জেকে/২১১০ ঘ.