২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন মেয়েকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

স্বামীর সাথে ঝগড়া করে ৩ মেয়েকে বিষ খাইয়ে নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার এক গৃহবধূ। মায়ের দেয়া বিষ খেয়ে ইতোমধ্যে কন্যাশিশু জান্নাত (৩) মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2011, 10:10 AM

Updated : 24 Aug 2022, 03:09 PM

পটুয়াখালী, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বামীর সাথে ঝগড়া করে ৩ মেয়েকে বিষ খাইয়ে নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার এক গৃহবধূ। মায়ের দেয়া বিষ খেয়ে ইতোমধ্যে কন্যাশিশু জান্নাত (৩) মারা গেছে। মা তাজেনুর বেগম (২৫) ও অন্য দুই শিশুকে ভর্তি করা হয়েছে পটুয়াখালী জেনারেল হাসপাতালে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধুলাসার ইউনিয়নের পশ্চিম ধুলাসার গ্রামে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন তাজেনুর (২৫) সাংবাদিকদের জানান, তার স্বামী কাওসার বিশ্বাস একজন জেলে। বুধবার সকালে ঘরে মোবাইল ফোন রেখে কাওসার মাছ ধরতে নদীতে যায়। ওই মোবাইল ফোনে তখন অপরিচিত এক মেয়ের ফোন আসে। বিকেলে কাওসার বাড়ি ফিরলে এ নিয়ে স্বামী-স্ত্রী'র মধ্যে ঝগড়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে রাত সাড়ে ৮টার দিকে ৩ কন্যা তামিমা (৭), রাবেয়া (৫) ও জান্নাতকে (৩) বিষ খাইয়ে নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায় তাজেনুর। সঙ্গে সঙ্গে তাদেরকে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানেই জান্নাত মারা যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় মা ও অন্য দুই শিশুকে রাত সাড়ে ১২টার দিকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ধুলাসার ইউপি সদস্য মো. বাহাদুর ভূঁইয়া জানান, স্বামী-স্ত্রীর ঝগড়া থেকেই এ ঘটনা ঘটেছে। বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/প্রতিনিধি/সিএস/১৬১১ ঘ.