চাঁপাইনবাবগঞ্জ, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আলাতুলি ইউনিয়ন পরিষদের স্থগিত নির্বাচন পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী করার দাবিতে জেলা শহরে বিক্ষোভ করেছে ওই ইউনিয়নের বাসিন্দারা।
বৃহস্পতিবার সকালে বিক্ষোভকারীরা শহরে বিক্ষোভ মিছিল, কালেক্টরেট ভবনের সামনে সমাবেশ ও পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়।
সমাবেশে বক্তারা বলেন, আলাতুলি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জয়নাল আবেদীনসহ কয়েকজন সদস্য নদী ভাঙ্গনের অজুহাত তুলে এই ইউনিয়নের নির্বাচন স্থগিত করিয়েছেন।
আরো কিছুদিন তারা ক্ষমতায় থেকে যাওয়ার জন্যই এমনটা করেছেন বলে অভিযোগ করেন বক্তারা।
তারা দাবি করেন, ইউনিয়নের কোনো ওয়ার্ডেই কারো জমি বা বাড়ি নদীতে বিলীন হয়নি। ফলে পূর্ব ঘোষিত তফশিল অনুযায়ী ওই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান তারা।
সমাবেশে বক্তব্য রাখেন কামরুল হক, আমানুল্লাহ আমান, আব্দুল গাফ্ফার ও আলাউদ্দীন।
আগামী ৯ জুন এই ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিলো।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান সাংবাদিকদের জানান, নদী ভাঙ্গনের কারণে আলাতুলি ইউপি নির্বাচন স্থগিত করার জন্য ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য মোস্তফা গত ১২ মে হাইকোর্টে আবেদন করেন।
হাইকোর্ট এই আবেদনের প্রেক্ষিতে আলাতুলি ইউনিয়নের নির্বাচন স্থগিত রাখার আদেশ দেয়।
রোববার নির্বাচন কমিশন সচিবালয় এক চিঠিতে হাইকোর্টের এই নির্দেশের কথা জেলা নির্বাচন কমিশন কার্যালয়কে জানায়।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে আলাতুলি ইউনিয়নের ৯ জুনের নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানান মাহমুদ হাসান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৬০৭ ঘ.
bdnews24