নোয়াখালী, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ডাকাতের গুলি ও অস্ত্রের আঘাতে একই পরিবারের সাত জন আহত হয়েছে।
বুধবার গভীর রাতে চরহাজারী ইউনিয়নে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী নূরুল হুদার বাড়িতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নূরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ১৫-২০ জন অস্ত্রধারী ডাকাত জানালার গ্রিল ভেঙ্গে ঘরে প্রবেশ করে এবং এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে।
তিনি বলেন, "আমার ছেলে নূরুল করিম জুয়েল গুলিবিদ্ধ হন। ডাকাতরা তার মাথায় ধারালো অস্ত্র দিয়েও আঘাত করে। জুয়েলকে আশঙ্কাজনক অবস্থায় বৃহস্পতিবার ভোরে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকায় পাঠানো হয়।"
আহত অপর পাঁচ জন হলেন- কহিনুর বেগম (৪৫), সাইফুল ইসলাম বাবু (১৭), নুরনবী পাভেল (২০), শুভ (২৩) ফকির আহাম্মদ (৫৫)। তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রতিপক্ষ এ ডাকাতির ঘটনায় জড়িত থাকতে পারে বলে অভিযোগ করেন নূরুল।
কোম্পানীগঞ্জ থানার ওসি এ কে এম মঞ্জুরুল হক আখন্দ জানান, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএ/আরএ/১৩৪৬ ঘ.
bdnews24