২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নজরুলজয়ন্তীর অনুষ্ঠানে 'যুদ্ধাপরাধী', মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ

সেক্টর কমান্ডারস ফোরামের তালিকাভুক্ত এক 'যুদ্ধাপরাধী' ময়মনসিংহে নজরুলজয়ন্তীর অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় স্থানীয় মুক্তিযোদ্ধারা সেখান থেকে চলে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2011, 06:26 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ময়মনসিংহ, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেক্টর কমান্ডারস ফোরামের তালিকাভুক্ত এক 'যুদ্ধাপরাধী' ময়মনসিংহে নজরুলজয়ন্তীর অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় স্থানীয় মুক্তিযোদ্ধারা সেখান থেকে চলে যান। প্রায় আধঘণ্টা পর আব্দুল হান্নান নামের ওই ব্যবসায়ী অনুষ্ঠান থেকে চলে গেলে মুক্তিযোদ্ধারা আবার ফিরে আসেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১২তম জন্মবার্ষিকীর উপলক্ষে বুধবার ময়মনসিংহের ত্রিশালে দরিরামপুর নজরুল একাডেমিতে তিন দিনব্যাপী এ অনুষ্ঠানমালার উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। আব্দুল হান্নান কীভাবে এই অনুষ্ঠানের আমন্ত্রণ পেলেন- তা নিয়ে একে অপরের ঘাড়ে দায় চাপাচ্ছেন স্থানীয় সাংসদ ও জেলা প্রশাসক। জেলা প্রশাসনের আয়োজনে দুুপুর ১২টার দিকে দরিরামপুর একাডেমি মাঠে নজরুল মঞ্চে এই উৎসবের উদ্বোধনী পর্ব শুরু হয়। অনুষ্ঠানস্থলের ভিআইপি সারিতে বসা হান্নানকে দেখে ময়মনসিংহ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নাজিমউদ্দিন আহমেদ রাষ্ট্রপতির কাছে প্রতিবাদ জানান। রাষ্ট্রপতির নিরাপত্তা কর্মকর্তারা নাজিম উদ্দিন আহমেদকে সরিয়ে দিলে ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান। এ অবস্থায় আব্দুল হান্নান চলে যাওয়ার চেষ্টা করলে তাকে বসিয়ে রাখেন নিরাপত্তা কর্মকর্তারা। এরপর এক সময় সবার অলক্ষ্যে চলে যান তিনি। পরে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের মধ্যস্থতায় নাজিম উদ্দিন আহমেদসহ অন্য মুক্তিযোদ্ধারা অনুষ্ঠানে ফিরে আসেন। নাজিম উদ্দিন আহমেদ বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারে অঙ্গীকারাবদ্ধ সরকারের অনুষ্ঠানে তালিকাভুক্ত যুদ্ধাপরাধী আমন্ত্রণ পেয়ে ভিআইপি সারিতে বসবে- এটি মেনে নেওয়া যায় না। এটা আয়োজক ও স্থানীয় প্রশাসনের দৈন্য ছাড়া আর কিছুই না।" এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি আব্দুল হান্নানকে আমন্ত্রণপত্র দেননি। তিনি জানান, জেলা প্রশাসন থেকে স্থানীয় সাংসদকে ১১শ' আমন্ত্রণপত্র দেওয়া হয়, যা তিনি নিজ দায়িত্বে বিলি করেন। অন্যদিকে ত্রিশালের সাংসদ রেজা আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আব্দুল হান্নানকে তিনি চেনেন না। তাকে তিনি আমন্ত্রণও করেননি। জেলা প্রশাসনই আব্দুল হান্নানকে আমন্ত্রণ করেছে বলে দাবি করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/জেকে/০০১৮ ঘ.