২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাতাদের 'প্লাম্পি নাট' প্রশ্নবিদ্ধ

পুষ্টিবিদ ও শিশু বিশেষজ্ঞরা অভিযোগ করেছেন, দাতা সংস্থাগুলো পুষ্টি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ইদানিং এমন সব বাণিজ্যিক খাদ্যপণ্যের দিকে ঝুঁকছে- যেগুলো বাংলাদেশের জন্য উপযুক্ত বিকল্প নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2011, 05:26 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুষ্টিবিদ ও শিশু বিশেষজ্ঞরা অভিযোগ করেছেন, দাতা সংস্থাগুলো পুষ্টি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ইদানিং এমন সব বাণিজ্যিক খাদ্যপণ্যের দিকে ঝুঁকছে- যেগুলো বাংলাদেশের জন্য উপযুক্ত বিকল্প নয়। বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের নির্বাহী সদস্য ডা. খুরশিদ তালুকদার বুধবার রাজধানীতে এক আলোচনা সভায় বলেন, মারাত্মক অপুষ্টি প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে ইউনিসেফ দেশের বিভিন্ন স্থানে 'প্লাম্পি নাট' নামের এক ধরনের শিশুখাদ্য বিতরণ করছে, যা বাণিজ্যিকভাবে তৈরি এবং এটি কোনোভাবেই ঘরে তৈরি পাঁচমিশালি খাবারের পরিপূরক হতে পারে না। বাণিজ্যিক এই খাদ্যপণ্যটি বিতরণের জন্য সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে অনুমোদন নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বাংলাদেশ জনস্বাস্থ্য ইসস্টিটিউটে এই আলোচনা সভার আয়োজন করা হয়। ডা. তালুকদার জানান, আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন, অ্যাকশন কন্ট্রে লা ফেইম ও মেডিসিন স্যানস ফ্রন্টিয়েরের মাধ্যমে দেশের বিভিন্ন অংশে 'প্লাম্পি নাট' বিতরণ করা হচ্ছে। বিশ্বে ইউনিসেফই প্লাম্পি নাটের সবচেয়ে বড় ক্রেতা জানিয়ে খুরশিদ তালুকদার বলেন, ২০১০ সালে জাতিসংঘের এই সংস্থা ১১ হাজার টন প্লাম্পি নাট কিনেছে, যার বেশিরভাগটাই জরুরি সাহায্য হিসেবে বিতরণ করা হয়েছে আফ্রিকায়। "ভারতে এই শিশুখাদ্যটি বিতরণের চেষ্টা করা হলেও সেখানকার সরকার তাতে অনুমোদন দেয়নি। ইউনিসেফ এখন বাংলাদেশ সরকারকে মানেজ করার চেষ্টা করছে।" ডা. খুরশিদ মনে করেন, এ ধরনের পদক্ষেপের কারণে অপুষ্টি প্রতিরোধ কার্যক্রমকে ভিন্ন খাতে পরিচালিত করবে এবং ঘরে তৈরি খাবারের পুষ্টিমান নিয়ে সাধারণ মানুষকে সংশয়ের মধ্যে ফেলে দেবে। এতে করে অপুষ্টির হার আরো বাড়বে। 'প্লাম্পি নাট' নিয়ে ইউনিসেফের অবস্থান ব্যখ্যা করতে গিয়ে সংস্থার ঢাকা অফিসের পুষ্টিবিদ ডা. মহসিন আলী বলেন, আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো মারাত্মক অপুষ্টি দূর করার বিষয়টিকেই সবচে বেশি গুরুত্ব দেয়। শিশুদের জন্য ঘরে তৈরি খাবারই সবচেয়ে ভালো উল্লেখ করলেও তিনি বলেন, জরুরি কর্মসূচি চালাতে গেলে ঘরে তৈরি খাবারের ধারণা কাজে লাগানো যায় না। যে কোনো নতুন ধারণাকে অন্তত একটি সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে মহসিন আলী বলেন, কখনো কখনো প্রযুক্তিগত উৎকর্ষ আঞ্চলিক প্রথাকে প্রতিস্থাপিত করে। বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের ডা. খুরশিদ বলেন, পুষ্টি কার্যক্রমের জন্য 'প্লাম্পি নাট' কিনতে গেলে বাংলাদেশকে বছরে ৭৫ লাখ ডলার খরচ করতে হবে। অথচ এখানে বাজেটে স্বাস্থ্য খাতে বার্ষিক বরাদ্দ মাত্র ৪ সকোটি ৬৩ লাখ ডলার। শিশুকে ৬ মাস পর্যন্ত মায়ের দুধ দেওয়ার পাশাপাশি ২ বছর বয়স পর্যন্ত ঘরে তৈরি সুষম খাবার দিলেই অপুষ্টি প্রতিরোধ সম্ভব বলেও মত প্রকাশ করেন তিনি। আইসিসিডিআর,বি-এর পুষ্টি ও শিশু স্বাস্থ্য ইউনিটের ডা. ইকবাল কবির বলেন, দেশে এখন শিশুদের মধ্যে মুটিয়ে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, ১০ বছর আওে এমনটা দেখা যায়নি। তিনি বলেন, "খাদ্যাভ্যাস পরিবর্তনের কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর এ কারণেই আমাদের এটা (প্লাম্পি নাট) প্রয়োজন নেই।" বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের মহাসচিব মেজবাহ উদ্দিন বলেন, বাংলাদেশের শিশুদের রক্ষা করতে হবে। সেই সঙ্গে বাঙালির সংস্কৃতিও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএল/জেকে/২৩১৯ ঘ.