মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ শতাংশ ভোটের ভিত্তিতে রাজনৈতিক দলকে সরকারি কোষাগার থেকে নির্বাচনী ব্যয় অনুদানের প্রস্তাবসহ একটি আইনের খসড়া তৈরি করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের (ইসি) 'নির্বাচনী প্রচারণা ব্যয় (জন তহবিল) আইন-২০১১'-এর খসড়ায় বলা হয়েছে, অব্যবহিত পূর্ববর্তী সংসদ নির্বাচনে নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া দল ন্যূনতম পাঁচ শতাংশ ভোট পেলে সেটি সরকারি নির্বাচনী ব্যয় অনুদান পাবে।
'দলের বাইরে স্বতন্ত্র প্রার্থী এক শতাংশ সমর্থন নিয়ে প্রার্থী হলে আসন ভেদে অনুদান পাওয়ার যোগ্য হবেন।'
পূর্ববর্তী সংসদে কোনো রাজনৈতিক দল কতটি আসন পেয়েছে সে অনুপাতে অনুদান দেওয়া হবে।
বর্তমান গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী একটি আসনে ভোটার অনুপাতে নির্বাচনী ব্যয় হতে পারে সর্বোচ্চ ১৫ লাখ টাকা।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলী খান নির্বাচন কমিশনের প্রস্তাবিত আইনের বিষয়ে সংশয় প্রকাশ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককে তিনি বলেন, "বিশ্বের কোনো দেশেই নির্বাচনী ব্যয় নিয়ে পাবলিক ফাণ্ডিং ভালোভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এদেশেও তা কতটুকু হবে তা নিয়ে সংশয় রয়েছে।"
অনুদানের যোগ্য হবে ৩ দল
আইনের খসড়া অনুযায়ী, সরকারি দল আওয়ামী লীগ, বিরোধী দল বিএনপি ও সরকারের শরিক জাতীয় পার্টি ছাড়া কোনো দল অনুদান পাওয়ার যোগ্য হবে না আগামী সংসদে।
নবম সংসদে নৌকা প্রতীকে ২৭০ আসনে মহাজোটের প্রার্থীরা ৪৮ শতাংশের বেশি ভোট পান। ২৬৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা ভোট পান ৩২ শতাংশের বেশি। ওই নির্বাচনে ভোট পড়ে মোট ৮৭ শতাংশ।
৪৬ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থীরা সাত শতাংশ এবং জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকে প্রার্থীরা সাড়ে ৪ শতাংশ ভোট পান।
এছাড়া ইসলামী আন্দোলন ১.০৫ শতাংশ, জাসদ .৭৪ শতাংশ, এলডিপি .৩৮ শতাংশ, বিজেপি .২৭ শতাংশ, জমিয়তে উলামায়ে ইসলাম .২৬ শতাংশ, বিকল্পধারা .২৫ শতাংশ, জাকের পার্টি .২১ শতাংশ, ইসলামী ঐক্যজোট .১৬ শতাংশ, জাগপা ও কৃষখ শ্রমিক জনতা লীগ .১৫ শতাংশ, গণফোরাম .১০ শতাংশ, বাসদ ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি .০৬ শতাংশসহ কয়েকটি দল .০৪ ও .০২ শতাংশের নিচে ভোট পেয়েছে।
১৪৭টি আসনের স্বতন্ত্র প্রার্থীরা ভোট পেয়েছেন ২.৯৫ শতাংশ।
'সবার জন্য সুযোগ সৃষ্টি করতে অনুদান'
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার বলেন, "নির্বাচনে ধনী দরিদ্র নির্বিশেষে সব ইচ্ছুক প্রার্থীর অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং অবৈধ অর্থের ব্যবহার প্রতিরোধে সরকারি কোষাগার থেকে ব্যয় বরাদ্দ দেওয়ার বিষয়ে [এ] আইন প্রণয়নের কথা ভাবা হচ্ছে।"
নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির আসন্ন সংলাপে এ বিষয়ে মতামত চাওয়া হবে বলে জানান তিনি।
৭ জুন থেকে পর্যায়ক্রমে ৩৮ নিবন্ধিত দলের সঙ্গে সংলাপ শুরুর কথা রয়েছে। বিশিষ্টজন ও গণমাধ্যমের মতামতও নেবে ইসি।
কী যোগ্যতা ও কী পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হবে এবং কোন্ মানদণ্ডের ভিত্তিতে অনুদান দেওয়া হবে সে বিষয়ে দলগুলোর মত কমিশন বিবেচনা করবে বলে জানান সাখাওয়াত।
নবম সংসদ নির্বাচনে অংশ নেওয়া নিবন্ধিত ৩৮ দলের বিএনপি সর্বোচ্চ ৪ কোটি ৪৯ লাখ ৫০ হাজার টাকা, আওয়ামী লীগ ৩ কোটি ৬০ লাখ ২৬ হাজার ৯৭৪ টাকা ও জাতীয় পার্টি ১৩ লাখ ৬৭ হাজার টাকা নির্বাচনী ব্যয় কমিশনকে দেখিয়েছে। এছাড়া জামায়াতে ইসলামী ৭৪ লাখ ৭২ হাজার ৪০৮ টাকা নির্বাচনী ব্যয় ইসির কাছে জমা দিয়েছে।
তহবিলের পরিমাণ
তহবিলের পরিমাণ নির্ধারণে মানদণ্ড হিসেবে প্রস্তাব রাখা হয়েছে, অব্যবহিত আগের সংসদে যে দল যতটি আসন পেয়েছে, প্রতিটি আসনের ব্যয় নির্ধারণ করে সে পরিমাণ অনুদান বরাদ্দ দেওয়া হবে।
স্বতন্ত্র প্রার্থীরাও আসন ভেদে অনুদান পাবেন।
দল ও প্রার্থীর ব্যয়ের রিটার্ন কম্পট্রোলার এ্যান্ড অডিটর জেনারেলের অফিস দ্বারা অডিট করা হবে বলে আইনের খসড়ায় উল্লেখ করা হয়েছে।
'বরাদ্দে বৈষম্য থাকবে'
নির্বাচনে কালো টাকার প্রভাব বন্ধ করতে জন তহবিল আইনের প্রস্তাবকে স্বাগত জানান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
"এ ধরনের উদ্যোগ ভালো। পুরোপুরি প্রস্তাবটা দেখে সার্বিক বিষয়ে দলের অবস্থান তুলে ধরবো সংলাপে।"
কিন্তু প্রধান রাজনৈতিক দলগুলো সংসদে ভালো ভোট ও আসন পেলেও দেশের অন্য দলগুলো তা পায় না। এক্ষেত্রে অর্থবরাদ্দে বৈষম্য থাকবে বলে মনে করেন মেনন।
তহবিল পাওয়ার যোগ্যতা ও মানদণ্ড বিষয়ে জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মানদণ্ড ও যোগ্যতায় কিছু বৈষম্য তো রয়েছে। এক্ষেত্রে সবার কাছে গ্রহণযোগ্য প্রস্তাব তুলে ধরতে হবে।"
নির্বাচনী প্রচারণার ব্যয় ছাড়া ইসি নিজস্ব তহবিল থেকে প্রার্থীদের নির্বাচনী ইশতেহার প্রচার, একই মঞ্চে প্রার্থী পরিচিতি, প্রতিদ্বন্দ্বীদের নিয়ে বিতর্ক আয়োজন করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২১২৬ ঘ.
bdnews24