চট্টগ্রাম, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভৌগলিক অবস্থান, ঘনবসতি ও সঠিক পরিকল্পনা ছাড়াই ভবন নির্মাণের কারণে চট্টগ্রামে ভূমিকম্পের ঝুঁকি দিন দিন বাড়ছে বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা।
বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশেন (সিসিসি) মিলনায়তনে দুই দিনের এক কর্মশালার প্রথম দিন সংশ্লিষ্টরা বলেন, দুটি টেকটোনিক প্লেট এবং চারটি ফল্ট লাইনের কাছাকাছি অবস্থানের কারণে চট্টগ্রামে ভূমিকম্পের ঝুঁকি বাড়ছে। তবে দুর্যোগ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ নেই।'
'সিসিসি'র দুর্যোগ ব্যযস্থাপনা কমিটির সদস্যদের জন্য 'ভূমিকম্পের ঝুঁকি হ্রাসে সচেতনতা বৃদ্ধি' শীর্ষক দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো।
কর্মশালায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও ভূমিকম্প বিশেষজ্ঞ ড. মোশতাক আহমেদ বলেন, ইন্দো-অস্ট্রেলীয় টেকটোনিক প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের সংযোগ সীমানার কাছাকাছি স্থানে চট্টগ্রাম ও সিলেট জেলা অবস্থিত। এছাড়া বাংলাদেশের ভেতর দিয়ে গেছে আসাম, ত্রিপুরা, সাব ডাউকি ও বগুড়া ফল্ট লাইন। তাই চট্টগ্রাম, ঢাকা ও সিলেটে ভূমিকম্পের ঝুঁকি ক্রমশ বাড়ছে।
মোশতাক বলেন, গত কয়েক শতাব্দীতে এ অঞ্চলে বড় মাত্রার যেসব ভূমিকম্প হয়েছে- সেগুলোর কেন্দ্র ছিল চট্টগ্রাম থেকে দূরে। কিন্তু গত এক দশকে হওয়া সব বড় ভূমিকম্পেরই কেন্দ্র ছিল চট্টগ্রামের কাছাকাছি।
সিসিসির নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম বলেন, চট্টগ্রামে ভূমিকম্পের ঝুঁকি বাড়লেও দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোনো সমন্বিত উদ্যোগ নেই।
তিনি বলেন, প্রায় দেড়শ বছর আগে গড়ে ওঠা চট্টগ্রাম শহরের পুরনো এলাকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ। তাছাড়া এসব এলাকার সড়ক ছোটো, ভবন নির্মাণের ক্ষেত্রেও কোনো পরিকল্পনা মানা হয়নি। ফলে এটাই চট্টগ্রামের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা।
সিসিসির অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ চালু এবং সিডিএ, ওয়াসা, সিসিসি, দমকল বাহিনী, পিডিবিসহ সব সরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে দুর্যোগ ব্যবস্থাপনার কর্মপন্থা নির্ধারণের দাবি জানান রেজাউল করিম।
কর্মশালায় ভূমিকম্প ও বিল্ডিং কোড বিষয়ে চারটি প্রবন্ধ উপস্থাপন করা হয়।
কর্মশালার প্রধান অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম বলেন, বন্দর নগরীর জনসাধারণের একটি বড় অংশ সমুদ্র উপকূলে এবং পাহাড়ের পাদদেশে ঘর বাড়ি বানিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর উপ সচিব (প্রশিক্ষণ) সেলিম আকতার। বক্তারা নগরীর স্কুল, কলেজ, হাসপাতাল, রেল স্টেশনগুলো মজবুত করে তৈরি করা, যে কোনো স্থানে বহুতল ভবন নির্মাণ না করা, পাহাড় না কাটা, পাহাড়ের পাদদেশে জনবসতি গড়ে না তোলা, বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ এবং প্রধান সড়কগুলো প্রশস্ত করার সুপারিশ করেন।
সিসিসির ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর, প্রকৌশল বিভাগের কর্মকর্তারাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/জেকে/২১২৫ ঘ.
bdnews24