ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের প্রাণিসম্পদ ও প্রাণিস্বাস্থ্য সুরক্ষায় রোগ প্রতিরোধক ওষুধ ও টিকা উৎপাদন ও বিতরণে বিশ্ব সম্প্রদায়ের কাছে কারিগরি ও আর্থিক সহায়তা চেয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী।
প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বুধবার বলেন, বাংলাদেশে বেশ কিছু সংক্রামক প্রাণি-রোগ রয়েছে। সব ঋতুতে এসব রোগ দেখা দেয়। এসব রোগ নিয়ন্ত্রণে কার্যকরি টিকা দেওয়ায় সর্বোৎকৃষ্ট উপায়।
"কিন্তু স্থানীয়ভাবে টিকার উৎপাদন যথেষ্ট নয়। সরকার টিকা উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে। প্রাণিস্বাস্থ্য সম্পর্কিত বিশ্ব সংস্থাসহ (ওআইই) আন্তর্জাতিক সংস্থাগুলো এতে কারিগরী ও আর্থিক সহায়তা করতে পারে।"
ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রাণিস্বাস্থ্য সম্পর্কিত বিশ্ব সংস্থা (ওআইই) বার্ষিক সাধারণ সভায় দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। গত শনিবার (২২ মে) এ সাধারণ সভা শুরু হয়। বৃহস্পতিবার পর্যন্ত এ সভার বিভিন্ন পর্বের কার্যক্রম চলবে বলে বুধবার ঢাকায় পাওয়া খবরে জানা গেছে।
মন্ত্রী বলেন, প্রাণিরোগ তথ্য সংগ্রহ এবং প্রচারে ওআইই ও এফএও-সহ অন্য সংস্থাগুলোকে সাহায্য করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।
তিনি জানান, প্রাণীরোগ নিয়ন্ত্রণে বাংলাদেশের বিভিন্ন স্থানে কোয়ারেন্টাইন স্টেশন স্থাপনে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোতে গবেষণাগারের অবকাঠামো উন্নয়ন, আইন প্রণয়ন ও জনবলের দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক সংস্থাগুলো প্রশিক্ষণসহ বিভিন্ন সহায়তা দিতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২০৩৩ ঘ.
bdnews24