সুনামগঞ্জ, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জে আব্দুল গনি হত্যা মামলায় তিন ভাইসহ চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার বিকালে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুর রহিম দুই আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন-তিন ভাই আরজু মিয়া, বকুল মিয়া, ফারুক মিয়া এবং সিরাজুল ইসলাম। তাদের বাড়ি জেলার ছাতক উপজেলার কাজিহাটা গ্রামে। এদের মধ্যে ফারুক ও বকুল পলাতক।
মামলায় জানা যায়, ১৯৯৫ সালের ২ জুন রাতে কাজিহাটা গ্রামের নোয়াগাও সড়কে আব্দুল গনি খুন হন। ওই সময় তার সঙ্গে থাকা আরজু মিয়া কাজিহাটা গ্রামের শতাধিক লোককে আসামি করে ছাতক থানায় মামলা করেন।
হত্যাকাণ্ডে আরজু মিয়াদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে পরে দুজনকে গ্রেপ্তার করা হয়। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারা জানায়, পূর্বপরিকল্পিতভাবে গনিকে হত্যা করেছেন তারা।
এরপর পুলিশ বাদি হয়ে ২০০০ সালে চার জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।
মামলায় ২০ জনের সাক্ষ্য নেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) পীর ফজলুর রহমান মিসবাহ। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরী ও শহীদুজ্জামান চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৯০৮ ঘ.
bdnews24