২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতন্ত্রকে 'কারারুদ্ধ' করে রেখেছে সরকার: ফখরুল

মহাজোট সরকার দেশে গণতন্ত্রকে 'কারারুদ্ধ' করে রেখেছে- এ অভিযোগ তুলেছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2011, 01:08 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোট সরকার দেশে গণতন্ত্রকে 'কারারুদ্ধ' করে রেখেছে- এ অভিযোগ তুলেছে প্রধান বিরোধী দল বিএনপি। বুধবার বিকালে এক আলোচনা সভায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের বিরুদ্ধে এ অভিযোগ তুলেন। তিনি বলেন, ''দেশে কোনো সংবিধান নেই। ফ্যাসিস্ট সরকার দমন-নির্যাতনের মাধ্যমে জনগণকে ভয় দেখাচ্ছে। মানুষকে কথা বলতে দিচ্ছে না। '' এ অবস্থা থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলারও আহবান জানান এই বিএনপি নেতা। জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এ্যাব এর উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে 'খাদ্য নিরাপত্তায় জিয়াউর রহমানের অবদান' শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আগামী ৩০ মে জিয়াউর রহমানের ৩০তম মৃত্যুবার্ষিকী। মির্জা ফখরুল দাবি করেন, পুঁজিবাজারের অর্থ লুট করে ৩৩ লাখ বিনিয়োগকারীকে সরকার পথে বসিয়েছে। এর কোনো বিচার হয়নি। লুন্ঠনের বিরুদ্ধে প্রতিবাদ কিংবা কথা বলতে বাধা দেওয়া হচ্ছে। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন, মতিঝিলে ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়ে পুলিশ বিশেষ নজরদারি করবে। অর্থাৎ যারা প্রতিবাদ করছে- তাদের ভয় দেখানো হচ্ছে। দেশের বর্তমান পরিস্থিতিকে 'দুঃসময়' অভিহিত করে তিনি আরো বলেন, "সর্বত্র এখন ঘোর অন্ধকার। সরকার দেশের সব প্রতিষ্ঠানকে তছনছ করে দিয়েছে। সংবিধান নিয়ে বির্তক সৃষ্টি করেছে। বিচার বিভাগে দলীয়করণ করেছে। দেশে আইনের শাসন বলতে কিছু নেই।'' ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, বিরোধী রাজনীতিবিদদের পুলিশি হেফাজতে নিয়ে নির্যাতন চালানো হচ্ছে। বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড চলছে। অথচ আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারে বলেছিলো- এসব কর্মকাণ্ড বন্ধ করা হবে। ক্ষমতায় গিয়ে তারা সব বেমালুম ভুলে গেছে। কৃষিখাতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে সাবেক এই কৃষি প্রতিমন্ত্রী বলেন, তিনি (জিয়া) বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল, স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন। এজন্য রাষ্ট্রপতি হওয়ার পর তিনি গোটা দেশের সর্বত্র কর্মযজ্ঞ সৃষ্টি করেছিলেন। উৎপাদনের বিপ্লব ঘটিয়েছিলেন। "আজ জিয়াকে নিয়ে যতো বিতর্কই আওয়ামী লীগ সরকার করুক না কেনো- কোনো লাভ হবে না। দেশের মানুষ জিয়াকে মনে-প্রাণে জানে", যোগ করেন তিনি। সংগঠনের আহ্বায়ক আনোয়ার উন-নবী মজুমদার বাবলা'র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক শাহ মোহাম্মদ ফারুক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, এ্যাব এর সদস্য সচিব হাসান জাফির তুহিন প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯০০ ঘ.