২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আইলাদুর্গত এলাকায় বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ

ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত ও নতুন বাঁধ নির্মাণের ক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ এনেছে কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2011, 11:30 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত ও নতুন বাঁধ নির্মাণের ক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ এনেছে কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থা। বুধবার জাতীয় যাদুঘরের সামনে সমাবেশ করে নাগরিক সংহতি, গ্রামীণ জীবনযাত্রার স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল), ইমারজেন্সি ক্যাপাসিটি বিল্ডিং (ইসিবি) প্রজেক্ট, খুলনায় আইলাদুর্গত সংহতি মঞ্চ ও সাতক্ষীরা উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণ গণসংগ্রাম কমিটির পক্ষ থেকে এসব অভিযোগ তুলে ধরা হয়। নাগরিক সংহতির মহাসিচব শরিফুজ্জামান শরীফ জানান, বেড়িবাঁধগুলো ভূমি থেকে ১৪ ফুট উঁচু এবং ১৪ ফুট প্রশস্ত হওয়ার কথা থাকলেও তা নির্মাণ করা হয়েছে ১০ ফুট উঁচু ও ১২ ফুট প্রশস্ত করে। মেরামতের জায়গাগুলোতে কোনোরকমে এক স্তর মাটি দিয়েই কাজ শেষ করা হয়েছে। তিনি বলেন, "পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বাঁধ সংস্কারে ৩৫ লাখ টাকা খরচ করে কাগজে কলমে দেখিয়েছেন ৩ কোটি টাকা। আর ৪৫ লাখ টাকার বাঁধের খরচ দেখিয়েেেছন ৫ কোটি টাকা।" ২০০৯ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আইলায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৪ জেলায় প্রায় দু'শ মানুষের মৃত্যু হয়। নিখোঁজ থাকে আরো কয়েক শ' লোক। সে সময় প্রবল জলোচ্ছ্বাসে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার ৩৮টি পোল্ডারের সবগুলোই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এক হাজার ৬৫১ কিলোমিটার বেড়িবাঁধের মধ্য ৬৮৪ কিলোমিটার আংশিক ও বাকিটা পুরোপুরি বিধ্বস্ত হয়। ৬৩৯টি স্লুইস গেটের মধ্যে ১০৯টি অকেজো হয়ে যায়। আইলাদুর্গত এলাকাগুলোতে এখনো খাবার পানির চরম সংকট চলছে জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক প্রকৌশলী ইনামুল হক সমাবেশে বলেন, প্রভাবশালী চিংড়িচাষীরা বাঁধ কেটে জমিতে লোনা পানি ঢোকানোয় কৃষির ওপর মারাত্মক বিরূপ প্রভাব পড়ছে। উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট দূর করতে স্থানীয় সরকার কাঠামোর মধ্যেই দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানান এই পানি বিশেষজ্ঞ। আসন্ন আমন মৌসুমের জন্য দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘূর্ণিদুর্গত এলাকায় ৭৩ হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে সার, বীজ, সেচ ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণের দাবি জানানো হয় সমাবেশ থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচ/জেকে/১৭২৪ ঘ.