চট্টগ্রাম, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে নেওয়া উন্নয়ন প্রকল্পের কাজ ১৫ জুনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন সিটি মেয়র মনজুর আলম।
মঙ্গলবার চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) সম্মেলন কক্ষে এক সাধারণ সভায় সংশ্লিষ্ট প্রকৌশলীদের তিনি এ নির্দেশ দেন।
সভাপতির বক্তব্যে মেয়র বলেন, প্রাথমিক পর্যায়ে জলাবদ্ধতা সহনীয় মাত্রায় আনতে চলমান সব উন্নয়ন প্রকল্প আগামী ১৫ জুনের মধ্যে শেষ করতে হবে।
তিনি সভায় জানান, চলতি অর্থ বছরে নগরীর অবকাঠামো, সড়ক, নালা- নর্দমা সংস্কার ও কালভার্ট নির্মাণসহ ৪১টি ওয়ার্ডে মোট ১ হাজার ৩১৭টি উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। কাজের মান ঠিক রেখেই দ্রুত এসব প্রকল্পের কাজ শেষ করতে হবে।
সিসিসির ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা দীপক চক্রবর্তীর পরিচালনায় এ সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুর-ই-এলাহী, প্যানেল মেয়র, ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর এবং বিভাগীয় ও শাখা প্রধানরা উপস্থিত ছিলেন।
সিসিসির জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফেলে দেওয়া পলিথিন জমে চট্টগ্রামের খাল ও নালায় স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে নগরীর হাট-বাজারে পলিথিন ব্যাগ বিক্রি ও ব্যবহার বন্ধের পাশাপাশি এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার সিদ্ধান্ত হয়েছে সভায়।
তিনি জানান, প্রথমে প্রতি ওয়ার্ডে মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে জনগণকে সচেতন করা হবে। পরে খাল-নালায় পলিথিন নিক্ষেপকারীদের চিহ্নিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/জেকে/২২২৯ ঘ.
bdnews24