২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে সকাল-সন্ধ্যা ইজিবাইক ধর্মঘট

ইজিবাইকের একজন চালককে হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে রংপুরে ধর্মঘট করেছেন ইজিবাইক চালক ও মালিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2011, 02:38 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

রংপুর, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইজিবাইকের একজন চালককে হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে রংপুরে ধর্মঘট করেছেন ইজিবাইক চালক ও মালিকরা। তারা মঙ্গলবার সকাল-সন্ধ্যা এই ধর্মঘট পালন করেন। তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও এবং শহরে বিক্ষোভ মিছিল করে। ইজিবাইক ধর্মঘটের কারণে লোকজন দুর্ভোগে পড়েন। সোমবার সকালে রংপুর শহরতলীর দমদমা এলাকায় ইজিবাইক চালক ফতেহ আলীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকারীরা তার ইজিবাইকটি নিয়ে গেছে। এ ঘটনায় ফতেহ আলীর স্ত্রী হনুফা বেগম কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা করেন। মঙ্গলবার দুপুরে ইজিবাইক চালক ও মালিকরা ফতেহ আলীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি ও এসপি অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শণ করে। পরে তারা পৌরসভার সামনে শহরের প্রধান সড়ক অবরোধ করে। এসময় সেখানে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য রাখেন ইজিবাইক মালিক সমিতির সভাপতি প্রিন্স, চালক সমিতি নেতা মজিবর প্রমুখ। সমাবেশে সংহতি প্রকাশ করেন মেয়র আব্দুর রউফ মানিক। বক্তারা জানান, গত তিন মাসে শহরে ৬ জন ইজিবাইক চালক খুন হয়েছে। কিন্তু পুলিশ খুনীদের গ্রেপ্তার করতে পারেনি। ফতেহ আলীর খুনীদের অবিলম্বে গ্রেপ্তার করা না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চালানো হবে বলে হুশিয়ারি দেন নেতারা। এদিকে কোতয়ালী থানার ওসি হায়দার আলী মোল্লা সাংবাদিকদের জানান, খুনীদের গ্রেপ্তারে অভিযান চলছে। চালকের মোবাইল ফোন সেটটিও নিয়ে গেছে খুনীরা। এখন কললিস্ট ধরে খুনীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৩৮ ঘ.