২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণভোট ছাড়া সংবিধান সংশোধন নয়: মওদুদ

মওদুদ আহমেদ বলেছেন, গণভোট ছাড়া কোনোভাবেই সংবিধান সংশোধন মেনে নেবে না বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2011, 02:07 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মওদুদ আহমেদ বলেছেন, গণভোট ছাড়া কোনোভাবেই সংবিধান সংশোধন মেনে নেবে না বিএনপি। মঙ্গলবার বিকালে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, "শুধু আদালতের রায়ের ভিত্তিতে সংবিধানের মৌলিক অনুচ্ছেদের সংশোধন আনা যায় না। অবশ্যই এর জন্য গণভোট করতে হবে। নইলে ওই সংশোধনী জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।" সুপ্রিম কোর্ট সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করে দেওয়ার পর সরকার আদালতের রায়ের আলোকে তা সংশোধনের উদ্যোগ নেয়। এ জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে এ কমিটি কাজ করছে। সুপ্রিম কোর্টের আরেক রায়ে ত্রয়োদশ সংশোধনী বাতিল হওয়ায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে যায়। তবে বিএনপি এ ব্যবস্থা বহাল রাখার দাবি জানিয়ে আসছে। জাতীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে স্বাধীনতা ফোরামের উদ্যোগে 'তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সরকারের ভূমিকা, আদালতের রায় ও নিরপেক্ষ নির্বাচন' শিরোনামের এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে মওদুদের ৭১তম জন্মদিন উপলক্ষে কেক কাটেন তিনি। তাকে ফুল দিয়ে আয়োজকরা শুভেচ্ছা জানায়। সাবেক এই আইনমন্ত্রী বলেন, "দেশের বিচার বিভাগ ও জনগণ আজ মুখোমুখি দাঁড়িয়েছে। এজন্য সাবেক বিচারপতি এবিএম খায়রুল হক ও বর্তমান সরকারই দায়ী। সংসদকে পাশ কাটিয়ে উচ্চতর আদালতের রায়ে সংবিধান মুদ্রণ কোনোভাবে আইনসম্মত হয়নি। কারণ আদালতের রায়ে সংবিধান সংশোধন হতে পারে না। আদালতের এটা এখতিয়ারও নেই।" সংগঠনের সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহ'র সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম, দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, সাবেক সচিব আবু সোলায়মান চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/পিডি/২০০৫ ঘ.