২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গোপন দাতার’ অর্থে উপকূলে আশ্রয়কেন্দ্র করবে আইডিবি

নামপ্রকাশে অনিচ্ছুক এক দাতার অর্থে উপকূলীয় কয়েক জেলায় ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ ও সিডরদুর্গতদের পুনর্বাসনের ব্যবস্থা করবে ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2011, 01:54 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

আইডিবি ভবনে এক সংবাদ সম্মেলনে আইডিবি প্রেসিডেন্ট আহমদ মোহাম্মদ আলী মঙ্গলবার জানান, নাম প্রকাশে অনিচ্ছুক একজন দাতার (আরবি ভাষায় ফায়েল খায়ের) ১৩ কোটি ডলারের অর্থ সাহায্য এ প্রকল্পগুলোতে ব্যয় করা হবে।

“এর মধ্যে ১১ কোটি ডলার ব্যয়ে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল ও পটুয়াখালী জেলায় ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হবে যা বছরের অন্য সময় স্কুলভবন হিসেবে ব্যবহৃত হবে।”

বাকি ২ কোটি ডলার সিডর দুর্গতদের পুনর্বাসনের কাজে ব্যয় করা বলে জানান তিনি।

আবুল মোনেম লিমিটেড এবং ডিসিএল-পিসিসিএল যৌথভাবে প্রকল্প বাস্তবায়ন করবে।

রাজধানীর সোনারগাঁও হোটেলে আইডিবির প্রেসিডেন্টের উপস্থিতিতে এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে।

আলী বলেন, “অর্থদাতা তার পরিচয় প্রকাশে অনিচ্ছুক এবং আমরা তার এ ইচ্ছাকে সম্মান জানাবো।”

এ সহযোগিতার ধারাবাহিকতায় আইডিবি ভবিষ্যতে বাংলাদেশকে বিভিন্ন প্রকল্পে আরও অর্থ সাহায্য দেবে বলে তিনি জানান।

আইডিবি প্রেসিডেন্ট বলেন, “আমরা আন্তর্জাতিক অঙ্গন থেকে ৭৫ কোটি মার্কিন ডলারের তহবিল উঠিয়েছি। এ অর্থ প্রতিটি সদস্য দেশে বিভিন্ন প্রকল্পে ব্যয় করা হবে।”