চট্টগ্রাম, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়াদোত্তীর্ণ পণ্য এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রির অভিযোগে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি বাজারের ১০টি দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযানে মোট এক লাখ ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের পরিচালক (ঢাকা) মো. আব্দুল বাতেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিএসটিআই, মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম, কনজুমার অ্যাসোসিয়েশন ও র্যাব-৭ এর একটি দল সহযোগিতা করে।
র্যাব-৭ এর এএসপি (স্টাফ অফিসার) এস এম নূরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাজীর দেউড়ি কাঁচা বাজারে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অপরাধে জামান হোটেলকে ৩০ হাজার টাকা ও ক্যাফে লাইলাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেয়াদোত্তীর্ণ ভোগ্য পণ্য বিক্রির অপরাধে মাসুদ স্টোরকে ১০ হাজার টাকা, রুবেল স্টোরকে ৭ হাজার টাকা, খান ডিপার্টমেন্টাল স্টোরকে ১৫ হাজার টাকা, হোসেন স্টোরকে ১৫ হাজার টাকা, আল মদিনা জেনারেলে স্টোরকে ৮ হাজার টাকা এবং চেমন স্টোরকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
ইকরা মেডিসিন সেন্টারকে ১৫ হাজার টাকা এবং ওজনে কম দেওয়ায় একটি মাংসের দোকানির ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমইউএস/আরএ/১৯১৯ ঘ.
bdnews24