২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে হত্যা: আরেকটি মৃতদেহ উদ্ধার

রাঙামাটির বরকল উপজেলার নারাইছড়ি এলাকায় গুলিতে নিহত আরেকজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2011, 03:55 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

রাঙামাটি মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বরকল উপজেলার নারাইছড়ি এলাকায় গুলিতে নিহত আরেকজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় শুভলং বাজারের কাছে কাপ্তাই হ্রদে পুলক চাকমার লাশ পাওয়া যায়। পুলক সুভলং ইউনিয়নের উকছড়ি গ্রামের লক্ষ্মীকুমার চাকমার ছেলে। এ নিয়ে ওই ঘটনায় চারজনের মৃতদেহ পাওয়া হল। এর আগে পাওয়া যায় ইউপিডিএফ'র কেন্দ্রীয় সদস্য অনিমেষ চাকমা, কর্মী নবদ্বীপ চাকমা ও প্রবীণ চাকমার মৃতদেহ। শনিবার বন্দুকধারীদের হামলায় বরকল উপজেলার শুভলং ইউনিয়নের নারাইছড়ি এলাকায় নিহত হন এই চার ইউপিডিএফ নেতাকর্মী। পুলিশ সুপারিনটেনডেন্ট মাসুদ উল হাসান জানান, সন্ধ্যা ৭টার দিকে শুভলং বাজারের কাছে হ্রদের পানিতে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ পুলক চাকমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে হত্যার পর মৃতদেহ পানিতে ফেললে স্রোতে ভেসে কিছুটা দূরে চলে এসেছে। শনিবারের হামলার জন্য ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (পিসিজেএসএস) দায়ী করেছে। তবে জেএসএস জড়িত থাকার কথা অস্বীকার করেছে। এ ঘটনায় সোমবার জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয় পার্বত্য শান্তি চুক্তিবিরোধী এ সংগঠন। অবরোধ চলাকালে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ির শালবাগান এলাকায় সন্ত্রাসীদের গুলিতে একজন আহত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৩ ঘ.