২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ভারতীয় নাগরিক গ্রেপ্তার, রিমান্ড

বান্দরবানের লামায় থানা পুলিশ অবৈধভাবে আসা এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2011, 02:05 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

বান্দরবান, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের লামায় থানা পুলিশ অবৈধভাবে আসা এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে। সোমবার আদালত ওই ভারতীয় নাগরিকের দুই দিনের হেফাজত মঞ্জুর করে। লামা থানার ওসি মোহাম্মদ হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাতে লামা উপজেলার রূপসী পাড়া বাজার এলাকায় অপরিচিত এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে এলাকাবাসী তার খোঁজখবর জানতে চায়। সন্তোষজনক জবাব না পাওয়ায় এলাকাবাসী তাকে আটক করে স্থানীয় আনসার-ভিডিপি সদস্যদের কাছে হস্তান্তর করে। আনসার-ভিডিপি সদস্যরা তাকে লামা থানা পুলিশের কাছে সোপর্দ করে। ওসি হোসাইন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি বলেছেন, তার নাম শ্রী সুপাল সিং, বয়স ৫০ বছর এবং তিনি ভারতের কানপুর জেলার ভগ্নিপুর থানার আল্লাপুর গ্রামের মোল্লা সিংয়ের ছেলে। পুলিশ সোমবার দুপুরে সুপালকে লামা উপজেলা বিচারিক হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। হোসাইন আরো বলেন, সুপাল বাংলাদেশে প্রবেশের কোনো বৈধ কাগজপত্র পুলিশকে দেখাতে পারেননি। এছাড়া এদেশে আসার উদ্দেশ্য সম্পর্কেও কোনো সন্তোষজনক জবাব দিতে পারেনি। তার বিরুদ্ধে বৈদেশিক নাগরিক সম্পর্কিত আইনে মামলা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/কেএমএস/২০০৪ ঘ.