পাবনা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিকল্পনামন্ত্রী একে খন্দকার বলেছেন, দেশে মামলা জট ও মামলার জন্য সরকারের ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানরা।
সোমবার পাবনার সুজানগর ডাকবাংলোয় সুজানগর উপজেলার ১০টি ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে মত বিনিময়কালে তিনি একথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, দেশে বছরে প্রায় ১০ হাজার মামলা জট হয়ে থাকে। এজন্য সরকারের ব্যয় হয় প্রায় ২৫ হাজার কোটি টাকা। এই বিশাল মামলা জট এবং ব্যয়ের বড় আংশ বাঁচাতে পারেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।
শিক্ষিত, সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত হলে গ্রামের মানুষ ন্যায়বিচার পাবে এবং তাতে থানা ও আদালতে দৌঁড়ানোর হাত থেকে রেহাই পাবে।
চেয়ারম্যান শিক্ষিত, সৎ ও ন্যায়বিচারক হলে ইউনিয়ন পরিষদেই সমস্যার সমাধান সম্ভব। আদালতে যাওয়ার প্রয়োজন হয় না।
সুজানগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তোফাজ্জল হেসেন চৌধুরী, সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, অধ্যক্ষ আব্দুল হালিম, আব্দুল হাই প্রমূখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/কেএমএস/১৮৩১ ঘ.
bdnews24