ফেনী, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনী শহরে এসএসকে সড়কে ইসলামী ব্যাংক শাখায় একজন কাপড় ব্যবসায়ীকে ছিনতাইকারী সন্দেহে বেদম প্রহার করায় তার মৃত্যু হয়েছে।
এই ঘটনার প্রতিবাদে ও বিচার দাবিতে সোমবার এফ রহমান এসি মার্কেটের ব্যবসায়ীরা ধর্মঘট পালন ও কালো ব্যাজ ধারণ করে বিক্ষোভ করে। পুলিশ ব্যাংকের ব্যবস্থাপক শরীফ উল্লাহ মজুমদার ও দ্বিতীয় কর্মকর্তা আব্দুর রহিমকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, শহরের এসএসকে সড়কের এফ রহমান এসি মার্কেটের 'নবরূপা' কাপড়ের দোকানের মালিক শাহাদাত হোসেন টিটু (৩৫) রোববার বিকাল ৩টার দিকে টাকা তোলার জন্য ইসলামী ব্যাংক ফেনী শাখায় যান। কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার পর কাউন্টারে টাকার চেক দেয়া মাত্র পেছনের কয়েকজন গ্রাহক হঠাৎ 'ছিনতাইকারী' বলে চিৎকার করে টিটুকে মারতে শুরু করে।
এসময় ব্যাংকের দু'জন নিরাপত্তা রক্ষী ও কয়েকজন কর্মকর্তা এসে টিটুকে স্টোর রুমে নিয়ে যায়। সেখানে তাকে বেদম প্রহার করে ব্যাংকের বাইরে বের করে দেওয়া হয়।
খবর পেয়ে তার পরিবারের সদস্যরা ও মার্কেটের কয়েকজন ব্যবসায়ী টিটুকে উদ্ধার করে। তার অবস্থা গুরুতর হয়ে পড়ায় তাকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেয়ার পথে কুমিল্লার কাছাকাছি সে মারা যায়।
টিটু ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের বাগেরহাট গ্রামের মৃত আজিজুর রহমান ওরফে আজিজ কোম্পানির ছেলে। সিজন নামের এক বছর বয়সী একটি ছেলে রয়েছে টিটুর। তার স্ত্রী রাজিয়া সুলতানা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
টিটুর পরিবারের সদস্যরা জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
এদিকে এই ঘটনায় এফ রহমান এসি মার্কেটের ব্যবসায়ীরা বিক্ষোভে ফেটে পড়েন। তারা সোমবার মার্কেট বন্ধ রেখে রাস্তায় নেমে আসেন। তাদের বিক্ষোভের মুখে ফেনী থানা পুলিশ সোমবার দুপুরে টিটুর বাড়ি গিয়ে মরদেহ ফেনী নিয়ে আসে।
ফেনী থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আলম জানান, ময়না তদন্তের জন্য টিটুর মরদেহ ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের বিভিন্ন অংশে, হাতে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি জানান, এ ঘটনায় ইসলামী ব্যাংক ফেনী শাখার দুই কর্মকর্তাকে আটক করা হয়েছে।
ধলিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন জসিম বলেন, টিটু এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত ছিল। কখনো তার মধ্যে খারাপ কিছু দেখিনি। সে ব্যাংকে টাকা ছিনতাই করতে যাবে বলে মনে হয় না।
এফ রহমান এসি মার্কেট ব্যাবসায়ী সমিতির সভাপতি মাওলানা ওমর ফারুক ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন বলেন, টিটু একজন ভালো ব্যবসায়ী ও ভালো ছেলে। তার পক্ষে এ ধরণের কাজ করা অসম্ভব।
সোমবার দুপুরে ইসলামী ব্যাংক ফেনী শাখায় গেলে ক্যাশিয়ার আবু সাইদ জানান, টিটু সোনাপুর গ্রামের সফিউল্লাহ নামের এক গ্রাহকের ৭৪ হাজার টাকা ছিনতাই করে পালানোর সময় ধরা পরে। তাকে গ্রাহকরা মারধর করে। এর সাথে ব্যাংকের কেউ জড়িত নন।
তাবে নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকের একজন কর্মকর্তা জানান, টিটু এই শাখার পুরানো গ্রাহক। প্রায়ই টাকা লেনদেন করতে ব্যাংকে আসতেন। তিনি টাকা ছিনতাই করার মতো লোক নন।
ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে আটক করেছে। মামলা দায়েরের পর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শহর ব্যবসায়ী সমিতির ক্ষোভ
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ফেনী শহর ব্যবসায়ী সমিতি। সমিতির সভাপতি জিয়াউদ্দিন মিষ্টার ও সাধারণ সম্পাদক মো. ফারুক হারুন এক বিবৃতিতে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮২৮ ঘ.
bdnews24