বাগেরহাট, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় বাগেরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানু ভূঁইয়াকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহম্মদ বেলায়েতউল্লাহ এ আদেশ দেন।
সকালে তানু ভূঁইয়া (২৮) যুবদলকর্মী রাজ্জাক সরদার হত্যা মামলায় হাজিরা দিয়ে জামিন আবেদন করলে তা নাকচ হয়।
জেলা বিএনপি'র জ্যেষ্ঠ সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান দিপু সাংবাদিকদের বলেন, তানু ভূঁইয়া যুবদলকর্মী রাজ্জাক হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। এ মামলায় এর আগে তিনি জামিনে ছিলেন। বেশ কয়েকটি তারিখে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
এ মামলার অন্য সাত আসামি জামিনে রয়েছেন বলে বিএনপি নেতা জানান।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৪ সালের ২৫ সেপ্টেম্বর রাতে বাগেরহাট পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা মাহবুবুর রহমান টুটুলের নেতেৃত্বে সন্ত্রাসীরা হরিণখানা এলাকার যুবদলকর্মী রাজ্জাক সরদারকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে।
পরদিন নিহতের বাবা আব্দুর রশিদ সরদার ছোটন বাগেরহাট মডেল থানায় টুটুল, তানুসহ সাত জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ১০-১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
২০০৫ সালের ২২ ফেব্র"য়ারি নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
অভিযোগপত্রভুক্ত অপর আসামিরা হলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান টুটুল, সহ-সাধারণ সম্পাদক খাদেম নিয়ামুল নাসির আলাপ, তার ছোটভাই বিলু, সাবেক জেলা ছাত্রদলের সহ-সভাপতি মনিরুজ্জামান মান্না, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক মেহেদী হাসান তুফান, শহরের হাড়িখালী এলাকার ইসরাফিল, মুণিগঞ্জ মালোপাড়া এলাকার উৎপল মালো এবং হরিণখানা এলাকার মনিরুল ইসলাম মনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩২ ঘ.
bdnews24