ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বেশি দামি সিগারেটের ওপর অতীতের মতো শুল্ক বাড়ানো যাবে না।
সোমবার জাতীয় সংসদে স্পিকার আবদুল হামিদের এক সুপারিশের প্রেক্ষিতে এ কথা বলেন তিনি।
স্পিকার কম দামি বিড়ি ও কম দামি সিগারেটের ওপর নতুন করে শুল্ক না বাড়িয়ে বেশি দামি (বেনসন, ট্রিপল ফাইভ ইত্যাদি) সিগারেটের ওপর কর বাড়ানোর জন্য অর্থমন্ত্রীকে পরামর্শ দেন।
এ সময় অর্থমন্ত্রী জানান, বেশি দামি সিগারেটের ওপর অতীতে শুল্ক আরোপ করা হয়, তাতে মোট ধূমপায়ীর অর্ধেকেরই বেশি নিুমানের সিগারেট-বিড়ি দখল করে ফেলেছে।
"উঁচু মানের সিগারেটের শুল্ক নতুন করে বাড়িয়ে কিছু করা যাবে বলে মনে হয় না। তা আর বাড়ানো সম্ভব হবে না। অতীতে যেভাবে বেড়েছে তাতে বেশি দামের সিগারেটের ওপর দাম বাড়ানোর উপায় নেই।"
মুহিত জানান, বিশ্বের সব দেশেই অর্থমন্ত্রীরা পানীয় ও সিগারেটেরওপর সব সময় ইচ্ছেমতো শুল্ক আরোপ করে।
"সব ধরনের তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর ওপর কর আরোপ করা প্রয়োজন।"
এর আগে স্পিকার আবদুল হামিদ অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, "বিড়ি ও কম দামি সিগারেটের ওপর শুল্ক কমিয়ে বা স্থিতিশীল রেখে বেশি দামি সিগারেটের ওপর শুল্ক আরোপ করেন। এতে করে ধনী ব্যক্তিরা কোনোভাবেই ট্যাক্স ফাঁকি দেওয়ার সুযোগ পাবে না। যারা ধনী তারা বেশি দামি সিগারেট খান। তাদের কাছ থেকে যত পারেন ট্যাক্স বেশি করে আদায় করার ব্যবস্থা করেন।"
আগামী ৯ জুন ২০১১-২০১২ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী।
সোমবার বিকালে ৫টা ২০ মিনিটের পর স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর টকম/এমএইচসি/পিডি/১৮৩৪ ঘ.
bdnews24