২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিমনের পুরো পরিবার সন্ত্রাসী-সম্পৃক্ত: র‌্যাব

কলেজছাত্র লিমন হোসেনের মা-বাবা-ভাই-বোন প্রত্যেকের সঙ্গে সন্ত্রাসী মোর্শেদ জমাদ্দারের সম্পর্ক আছে বলে দাবি করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2011, 12:23 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলেজছাত্র লিমন হোসেনের মা-বাবা-ভাই-বোন প্রত্যেকের সঙ্গে সন্ত্রাসী মোর্শেদ জমাদ্দারের সম্পর্ক আছে বলে দাবি করেছে র‌্যাব। সোমবার এক সংবাদ সম্মেলনে লিমনের বাবা, মা, ভাই ও বোনের সঙ্গে সন্ত্রাসী মোর্শেদের সম্পৃক্ততার দাবি জানান র‌্যাবের গণমাধ্যম ও আইনি শাখার পরিচালক মো. সোহায়েল। তিনি বলেন, "লিমনের পরিবারের সব সদস্য মিলিয়ে সাত/আটটি রেজিস্ট্রেশনবিহীন মোবাইল আছে। এসব মোবাইলের মাধ্যমে সন্ত্রাসী মোর্শেদ জমাদ্দারের সঙ্গে যোগাযোগের প্রমাণ র‌্যাব পেয়েছে।" মোর্শেদের সঙ্গে লিমনের সম্পর্কের কথা উল্লেখ করে সোহায়েল বলেন, "র‌্যাবের সঙ্গে গুলি বিনিময়ের সময় মোর্শেদ বাহিনীর সহযোগী হিসাবে লিমন সেখানে ছিল বলে তিনটি তদন্ত কমিটি প্রমাণ পেয়েছে এবং তাদের দেওয়া প্রতিবেদনে এ কথা উল্লেখ করা হয়েছে। "গত ২৩ মার্চ ঘটনার দিন র‌্যাবের সঙ্গে সন্ত্রাসী মোর্শেদ জমাদ্দার বাহিনীর গুলিবিনিময়ের ঘটনা যৌক্তিক ছিল বলে স্থানীয় একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।" ঝালকাঠীর রাজাপুর উপজেলার জমাদ্দারহাটে গত ২৩ মার্চ রাতে গুলিবিদ্ধ হন লিমন। ওই ঘটনায় লিমনের বিরুদ্ধে দুটি মামলা করে র‌্যাব। অন্যদিকে লিমনের মা হেনুয়ারা বেগম গত ১০ এপ্রিল র‌্যাবের ছয় সদস্যের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা করেন। লিমনের দাবি, র‌্যাব পায়ে অস্ত্র ঠেকিয়ে তাকে গুলি করেছিলো। গুলিবিদ্ধ লিমনের বাম পা কেটে ফেলতে হয়েছে। লিমনের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি তদন্ত কমিটিও কাজ করছে। তদন্ত কর্মকর্তা বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. শওকত আকবর তদন্তের জন্য আরো সময় চেয়ে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, লিমন ও তার বাবা তোফাজ্জল হোসেনের সঙ্গে সন্ত্রাসীদের যোগাযোগ রয়েছে। তার ওই কথা সরকারেরই বক্তব্য বলে রোববার জানান স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। ঝালকাঠীর কলেজছাত্র লিমন হোসেনের পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করার সত্যতা তদন্তে পাওয়া যায়নি বলে জানিয়েছে র‌্যাব। 'ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছে' কোনো পত্রিকার নাম উল্লেখ না করে সংবাদ সম্মেলনে সোহায়েল বলেন, "একটি বহুল প্রচারিত পত্রিকার স্থানীয় প্রতিনিধি লিমনের ব্যাপারে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তির সৃষ্টি করেছে। নৈতিকভাবে তার দায়িত্ব তিনি পালন করেননি।" একটি দৈনিকে প্রকাশিত খবরের কথা উল্লেখ করে সোহায়েল বলেন, "রেকর্ড থাকার কথা উল্লেখ করে ওই খবরে র‌্যাব মহাপরিচালকের যে বক্তব্য দেওয়া হয়েছে তা সঠিকভাবে দেওয়া হয়নি।" তিনি জানান, রেকর্ড তাদের (র‌্যাব) কাছেও আছে। ওই পত্রিকার কোনো সাংবাদিককে তদন্ত কমিটির কোনো সদস্য জিজ্ঞাসাবাদ করেছে কি না এই প্রশ্নের জবাব এড়িয়ে যান সোহায়েল। র‌্যাবের কাজে বিভ্রান্তি সৃষ্টির জন্য একটি চক্র সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন সোহায়েল। তবে এই চক্রে কারা জড়িত তা জানাননি তিনি। তিনি বলেন, "আমি কখনো বলবো না র‌্যাবের কাজে কোনো ব্যত্যয় ঘটবে না। ১০টি ভাল কাজ করলে একটি ভুল হতেই পারে। র‌্যাব আইনের ঊর্ধ্বে নয়। তবে র‌্যাবের কোনো সদস্য ভুল করলে এবং তা প্রমাণিত হলে তার শাস্তি তাকে পেতেই হয়।" সোহায়েল পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র‌্যাব সদর দপ্তরের একজন অতিরিক্ত উপ মহাপুলিশ পরিদর্শকের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন গত বুধবার র‌্যাব মহাপরিচালকের কাছে জমা দেওয়া হয়। এর প্রায় এক সপ্তাহ আগে স্থানীয় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত কমিটির প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে এবং প্রায় একই সময় স্থানীয় ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে গঠিত কমিটির প্রতিবেদন র‌্যাব মহাপরিচালকের কাছে জমা দেওয়া হয়। সোহায়েল বলেন, "থানায় যে মামলা হয়েছে তা মোর্শেদ জমাদ্দার এবং তার আট সহযোগীর বিরুদ্ধে করা হয়েছে। সেখানে অন্য আসামিদের মতো লিমনও একজন। শুধু লিমনের বিরুদ্ধে কোনো মামলা হয়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/১৮১৮ ঘ.