ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনশক্তি রপ্তানি খাতে একটি নীতিমালা ও সমন্বিত আইন তৈরির নির্দেশ কেন দেওয়া হবে না, তা সরকারকে জানাতে বলেছে হাইকোর্ট।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির একটি রিট আবেদনে বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি মো. শওকত হোসেনের বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।
আদেশের জবাব দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, শ্রম সচিব, আইন সচিবসহ ১৪ জনকে আগামী ১৫ দিন সময় দিয়েছে আদালত।
নিরাপদ অভিবাসনের জন্য জনশক্তি রপ্তানি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, নিরাপদ অভিবাসন এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করে কেন নীতিমালা প্রণয়ন করা হবে না, আদালত তা জানতে চেয়েছে।
নারী পাচার, জবরদস্তিমূলক শ্রমকে সংজ্ঞায়িত করে সাক্ষীদের নিরাপত্তার বিধান রেখে কেন সমন্বিত আইন তৈরি করা হবে না, তাও জানাতে হবে সরকারকে।
লেবাননে আটকে পড়া পাঁচ নারীকে ফিরিয়ে আনার নির্দেশনা চেয়ে এ রিট আবেদনটি করা হয়।
হাইকোর্ট ওই পাঁচ নারী শ্রমিককে দেশে ফিরিয়ে আনতে নির্দেশ দিয়েছে। এ লক্ষ্যে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তাও আগামী ১৫ দিনের মধ্যে সরকারকে জানাতে হবে।
রিট আবেদনকারীর কৌঁসুলি সীমা জহুর শুনানিতে বলেন, "বিভিন্ন দেশে ৭৫ লাখ বাংলাদেশি শ্রমিক কর্মরত, যার ১ লাখেরও বেশি নারী। বাংলাদেশি শ্রমিকরা অনেক ধরনের বিড়ম্বনায় পড়েন। তাদেরকে চুক্তি অনুযায়ী চাকরি ও বেতন দেওয়া হয় না। নারীদের বিভিন্ন যৌন হয়রানিও করা হয়। এজন্য প্রয়োজনীয় আইন তৈরি হওয়া প্রয়োজন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/প্রতিনিধি/এমআই/১৪৩২ ঘ.
bdnews24