ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাজী নজরুল ইসলামের ১১২তম জন্মবার্ষির্কী উপলক্ষে আগামী ২৫ মে ঢাকাসহ দেশের চারটি এলাকায় কবির স্মৃতি বিজড়িত স্থানে তিনদিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, রাষ্ট্রপতি জিল্লুর রহমান ওইদিন বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহের ত্রিশালে এ অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন।
১৮৯৯ সালের ২৫ মে নজরুল ইসলামের জন্ম।
মন্ত্রী বলেন, প্রতি বছরই কবির জন্মদিন রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়। কিন্তু এ বছর কবির 'বিদ্রোহী' কবিতা রচনার ৯০ বর্ষপূর্তি হচ্ছে। এ জন্য এ বছর বিশেষভাবে এটির আয়োজন করা হয়েছে।
ঢাকা ও ময়মনসিংহ ছাড়া অপর দুই স্থান হলো- চট্টগ্রাম, ও কুমিল্লা। এছাড়াও দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপনে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
দেশের শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরণের অনুষ্ঠান আয়োজনের আদেশ দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এজন্য তাদের প্রয়োজনীয় অর্থের বরাদ্দও দেওয়া হয়েছে।
আবুল কালাম আজাদ বলেন, কবির স্মৃতি ও কর্মকাণ্ডকে দেশের সাধারণ মানুষের কাছে তুলে ধরতে কুমিল্লায় সাত কোটি ৪৭ লাখ ৫২ হাজার টাকা ব্যয়ে নজরুল ইনস্টিটিউট স্থাপন করা হচ্ছে।
দেশের অন্য স্থানেও এ ধরণের প্রতিষ্ঠান করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী আরো জানান, নজরুল সঙ্গীতকে জনপ্রিয় করে তুলতে দেশের বিভিন্ন বিভাগ ও জেলা পর্যায়ে জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে।
আগামী ২৪ ও ২৫ জুন ঢাকায় একটি আন্তর্জাতিক নজরুল সম্মেলন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, হল্যাণ্ড ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের নজরুল গবেষক ও শিল্পীরা যোগ দেবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ জুন ওসমানি স্মৃতি মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করবেন বলে জানান আবুল কালাম আজাদ।
নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক রশীদ হায়দার বলেন, নজরুল সঙ্গীতের বিকৃতি ঠেকাতে তার বিশুদ্ধ সুর ও স্বরলিপিগুলো সংগ্রহ করে প্রকাশ করা হচ্ছে। ইতোমধ্যেই এসবের প্রায় ৩০টি সিডি বাজারে ছাড়া হয়েছে।
কলকাতা থেকে আসা কবির নাতনী মিষ্টি কাজী সরকারের কাছে দাবি জানান, নতুন প্রজন্মের কাছে নজরুল ইসলামকে সঠিকভাবে তুলে ধরতে তার রচনাবলী ইংরেজি মাধ্যমের স্কুলগুলোতে পড়ানোর।
সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সুরাইয়া বেগম, কবির নাতনী খিলখিল কাজী ও প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হারুন অর রসিদ এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৩৪২ ঘ.
bdnews24