ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠীর কলেজছাত্র লিমন হোসেনের পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করার সত্যতা তদন্তে পাওয়া যায়নি বলে জানিয়েছে র্যাব।
র্যাবের মিডিয়া ও লিগ্যাল উইংয়ের পরিচালক মো. সোহায়েল সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, এ ঘটনা তদন্তে র্যাবের দুটি কমিটি এবং স্থানীয় প্রশাসনের একটি কমিটির প্রতিবেদন এসেছে।
"তাতে লিমনের পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এতে প্রতীয়মান হয়, বন্দুকযুদ্ধের সময় গুলিবিদ্ধ হয় লিমন", বলেন তিনি।
উত্তরায় র্যাব সদর দপ্তরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডাকা ওই সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক মোখলেসুর রহমানও ছিলেন।
লিমনের দাবি, র্যাব পায়ে অস্ত্র ঠেকিয়ে তাকে গুলি করেছিলো। গুলিবিদ্ধ লিমনের বাম পা কেটে ফেলতে হয়েছে।
লিমনের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি তদন্ত কমিটিও কাজ করছে। তদন্ত কর্মকর্তা বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. শওকত আকবর তদন্তের জন্য আরো সময় চেয়ে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন।
ঝালকাঠীর রাজাপুর উপজেলার জমাদ্দারহাটে গত ২৩ মার্চ রাতে গুলিবিদ্ধ হন লিমন। ওই ঘটনায় লিমনের বিরুদ্ধে দুটি মামলা করে র্যাব।
অন্যদিকে লিমনের মা হেনুয়ারা বেগম গত ১০ এপ্রিল র্যাবের ছয় সদস্যের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা করেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক গত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, লিমন ও তার বাবা তোফাজ্জল হোসেনের সঙ্গে সন্ত্রাসীদের যোগাযোগ রয়েছে।
তার ওই কথা সরকারেরই বক্তব্য বলে রোববার জানান স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
তারেক সিদ্দিকও বলেন, "আমি শতভাগ নিশ্চিত করে বলতে পারি- লিমনকে লক্ষ্য করে গুলি করা হয়নি। সন্ত্রাসী মোরশেদ জমাদ্দারকে ধরতে গেলে, লিমন দৌড়ে পালাতে যায়, তখন র্যাব সদস্যদের গুলি লিমনের পায়ে লাগে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৩৩০ ঘ.
bdnews24