গাইবান্ধা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা বাজারে রোববার সন্ধ্যায় আগুনে একটি মসজিদসহ ১১টি দোকান পুড়ে গেছে।
আগুন নেভাতে গিয়ে অন্তত সাতজন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাজারের একটি হোমিওপ্যাথি ঔষধের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
এতে পাশের মসজিদ, হোটেল, কনফেকশনারী, ঔষধের দোকান, সাইকেল পার্টস, মনোহারী, সেলুন, মুদি দোকান ও ধান-চালের গুদাম পুড়ে যায়।
মমতা ফার্মেসীর মালিক মোজাম্মেল, চাল ব্যবসায়ী লিটন, হোটেল ব্যবসায়ী রফিকসহ ক্ষতিগ্রস্তরা জানান, আগুনে তাদের প্রায় ১৫ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস জানান, বগুড়া শহর ও সোনাতলা উপজেলা থেকে দমকল বাহিনীর দু'টি ইউনিট এসে পুলিশ ও স্থানীয় জনগণের সহায়তায় রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৬ ঘ.
bdnews24