২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিগ মামলার অবশিষ্ট যুক্তিতর্ক ২৯ মে

মিগ-২৯ যুদ্ধবিমান ক্রয় দুর্নীতি মামলার অবশিষ্ট যুক্তিতর্কের জন্য ২৯ মে পরবর্তী তারিখ রেখেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 03:41 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিগ-২৯ যুদ্ধবিমান ক্রয় দুর্নীতি মামলার অবশিষ্ট যুক্তিতর্কের জন্য ২৯ মে পরবর্তী তারিখ রেখেছে আদালত। রোববার রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি শাহীন আহমেদ খানের শুনানি শেষে সব আসামির পক্ষ থেকে শুনানি শুরু করেন অ্যাডভোকেট নূরুল ইসলাম। পরে ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল মজিদ অবশিষ্ট যুক্তিতর্কের শুনানির তারিখ দেন। এ সময় এ মামলার অন্যতম আসামি মোহাম্মদ হোসেন সেরনিয়াবাত আদালতে হাজির ছিলেন। অন্য আসামিরা আইনজীবীর মাধ্যমে হাজিরা দেন। তবে ইউনিক গ্র"পের চেয়ারম্যান নূর আলীর পক্ষে সময় চাওয়া হয়। ২০০১ সালের ১১ ডিসেম্বর তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা (বর্তমান দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক) আবদুল্লাহ আল জাহিদ তেজগাঁও থানায় শেখ হাসিনাকে প্রধান করে ৯ জনের বিরুদ্ধে এই মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতায় থাকাকালে নিজেরা লাভবান হওয়ার জন্য বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৭০০ কোটি টাকা মূল্যে ৮টি মিগ-২৯ কিনে আসামিরা সরকারের আর্থিক ক্ষতি করেছেন। তদন্ত শেষে ২০০৮ সালের ২০ অগাস্ট শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তবে উচ্চ আদালতের আদেশে শেখ হাসিনা মামলার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন। আরেক আসামি সাবেক বিমান বাহিনী প্রধান জেনারেল (অব.) মুস্তাফিজুর রহমান ২০০৮ সালের ৩ অগাস্ট মারা যান। মামলার অপর আসামিরা হলেন- বিমান বাহিনীর সাবেক প্রধান জামালউদ্দিন আহমেদ, বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এয়ার কমোডর মির্জা আখতার মারুফ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব সৈয়দ ইউসুফ হোসেন ও সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ হোসেন সেরনিয়াবাত এবং ইউনিক গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক নূর আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/২১৩২ ঘ.