২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেরিয়ে গেল গুলি, বিএনপি নেতা তৃপ্তি জেল হাজতে

যশোর বিমানবন্দরে একটি রিভলবার থেকে গুলি বেরিয়ে যাওয়ার ঘটনায় তুলকালাম ঘটে গেছে। হঠাৎ গুলির শব্দে যাত্রী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 02:24 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

যশোর, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর বিমানবন্দরে একটি রিভলবার থেকে গুলি বেরিয়ে যাওয়ার ঘটনায় তুলকালাম ঘটে গেছে। হঠাৎ গুলির শব্দে যাত্রী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার দুপুরে বিমানবন্দরে বিএনপি নেতা মফিকুল হাসান তৃপ্তির লাইসেন্স করা এই রিভলবার থেকে গুলি বেরিয়ে যায়। পুলিশ তৃপ্তিকে গ্রেপ্তার করে বিকাল ৩টার দিকে আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেয়। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। যশোরের সহকারী পুলিশ সুপার কেএম সফিউল্লাহ বলেছেন, মফিকুল হাসান তৃপ্তির আগ্নেয়াস্ত্রটি লাইসেন্স করা। আইন অনুুযায়ী বিমানবন্দরে ঢোকার আগে আগ্নেয়াস্ত্র থেকে গুলি বের করে ফেলতে হয়। তৃপ্তি কী কারণে গুলি ভর্তি রিভলবার নিয়ে বিমানবন্দরে ঢুকলেন তা খতিয়ে দেখা হবে। কেএম সফিউল্লাহ আরো জানান, তৃপ্তির আগ্নেয়াস্ত্রের লাইসেন্সে লেখা আছে, তিনি বছরে একশ রাউন্ড গুলি কিনতে পারবেন ও ৫০ রাউন্ড ব্যবহার করতে পারবেন। বিমানবন্দরে তার কাছে ৪৭ রাউন্ড গুলি পাওয়া যায়। বাকি তিন রাউন্ড গুলি তিনি কী ভাবে ব্যবহার করেছেন তাও খতিয়ে দেখা হবে। তিনি জানান, আইন অনুুযায়ী গুলি ব্যবহারের পর নিকটস্থ থানায় জিডি করতে হয়। আগ্নেয়াস্ত্র থেকে গুলি বেরুনোর সময় যশোর বিমানবন্দরে অন্যদের মধ্যে ছিলেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, সংসদ সদস্য খালেদুর রহমান টিটো, নারায়ণচন্দ্র চন্দ ও যশোরের পুলিশ সুপার কামরুল আহসান। যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক সাধনকুমার মোহন্ত জানান, ইউনাইটেড এয়ারওয়েজের সকালের ফ্লাইটে বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি ও তার স্ত্রীর ঢাকায় যাওয়ার কথা ছিল। ফ্লাইট ছাড়ার ২০/২৫ মিনিট আগে যাত্রীদের মালপত্রের ব্যাগ স্ক্যান করার সময় তৃপ্তির ব্যাগে জার্মানির তৈরি একটি রিভলবার পাওয়া যায়। সাধনকুমার মোহন্ত আরো জানান, তৃপ্তি রিভলবারটি ইউনাইটেড এয়ারওয়েজের ব্যবস্থাপক মাহমুদের হাতে দেন। রিভলবারে গুলি ভরা কি না তা পরীক্ষা করার জন্য মাহমুদ ট্রিগারে চাপ দেওয়া মাত্র একটি গুলি বেরিয়ে যায়। গুলিটি এয়ারপোর্ট লাউঞ্জের দেয়ালে লাগে। গুলির শব্দে এয়ারপোর্টে অবস্থানরত ঢাকাগামী যাত্রী ও তাদের স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েন। দায়িত্বরত পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা দৌড়ে ঘটনাস্থলে আসেন। যশোর শহর থেকে সহকারী পুলিশ সুপার (ক সার্কেল) কেএম শফিউল্লাহ, কোতোয়ালি মডেল থানার ওসি এমদাদুল হক শেখও ঘটনাস্থলে যান। পুলিশ রিভলবারটি পরীক্ষা করে দেখে সেটিতে গুলি ভরা। এরপর মফিকুল হাসান তৃপ্তি ও ইউনাইটেড এয়ারের ব্যবস্থাপক মাহমুদকে পুলিশ আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে বেলা ২টার দিকে মাহমুদকে থানা থেকে ছেড়ে দেয় পুলিশ। আর গ্রেপ্তার করে তৃপ্তিকে। পুলিশ বিকাল ৩টার দিকে তৃপ্তিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে। প্রধান বিচারিক হাকিম আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেয়। সোমবার তৃপ্তির জামিন আবেদনের ওপর ফের শুনানি অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০০৩ ঘ.