নাটোর, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোর শহরের কানাইখালি মহল্লা থেকে রোববার রেনু বেগম (৩২) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতের পরিবারের দাবি, রেনুর সাবেক স্বামী কবির হোসেন তাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন।
কবিরকে আসামি করে নিহতের ভাই খায়রুল ইসলাম দুপুরে সদর থানায় মামলা করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রেনুর প্রতিবেশী সুইটি বেগম ও লিটন হোসেনকে আটক করেছে পুলিশ।
মামলায় অভিযোগ করা হয়, তিন বছর আগে রেনুর সঙ্গে কবিরের বিবাহ বিচ্ছেদ হলেও কবির মাঝে মধ্যে ওই বাড়িতে যেতেন। শনিবার রাতেও তিনি ওই বাড়িতে যান। পূর্ব আক্রোশের জের ধরে তিনিই রেনুকে হত্যা করেছেন।
ঘটনার পর থেকে কবির পলাতক। তিনি জেলা প্রশাসক কার্যালয়ের একজন কর্মচারী।
সদর থানার ওসি আব্দদুল্লাহ আল মামুন জানান, কবিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮৩৬ ঘ.
bdnews24