ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুরাইনে স্ত্রীকে দুই সন্তানসহ আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে করা মামলায় মৃতের স্বামী ও দ্বিতীয় স্ত্রীসহ চারজনের বিরদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে তারা হলেন- নিহত ফারজানা কবির রিতার স্বামী রাশিদুল কবির ও তার দ্বিতীয় স্ত্রী রাজিয়া সুলতানা স্মৃতি, রিতার ননদ কবিতা কবিরের স্বামী দেলোয়ার হোসেন পাটোয়ারি ও তাদের গাড়িচালক আল আমিন।
রোববার দুপুরে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোজাম্মেল হোসেন এ আদেশ দিয়ে আগামী ৩১ জুলাই সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেছেন।
গত বছরের ১১ জুন জুরাইনের কদমতলী থানার আলমবাগ এলাকার বাড়ি থেকে ফারজানা কবির রিতা (৩৫), তার ছেলে ইশরাক কবির পবন (১৩) ও মেয়ে রাইসা রাশমিন পায়েলের (১১) লাশ উদ্ধার করে পুলিশ।
মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে রাশিদুল কবিরের বাবা দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শফিকুল কবিরসহ পাঁচজনকে।
অব্যাহতিপ্রাপ্ত অন্য চারজন হলেন- শফিকুল কবিরের স্ত্রী নূরবানু, তাদের মেয়ে কবিতা কবির, সুখন কবির এবং ওষুধ বিক্রেতা আ. গাফফার।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রফিক উদ্দিন বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযোগ গঠনের সময় অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করে বিচার চান।
সন্তানসহ রিতার মৃত্যুর ঘটনায় তার মা মাজেদা বেগম আত্মহত্যা প্ররোচণার অভিযোগে শফিকুল, নূর বানু, রাশিদুল, স্মৃতি, কবিতা, সুখন ও দেলোয়ার ও আমিনের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা করেন।
মৃত্যুর আগে রিতা তাদের আত্মহত্যা ও পারিবারিক বিরোধের বিভিন্ন অভিযোগের কথা ঘরের দেয়ালে ও কাগজে লিখে রেখে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/পিডি/১৭২৯ ঘ.
bdnews24