২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোর করে কাজ করানো নয়, নির্দেশ আদালতের

দেশের কয়েকটি স্থানে শেকলবাঁধা শ্রমিক উদ্ধারের পর জবরদস্তিমূলক শ্রম বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 09:57 AM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের কয়েকটি স্থানে শেকলবাঁধা শ্রমিক উদ্ধারের পর জবরদস্তিমূলক শ্রম বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রোববার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এ নির্দেশ দেয়। আদালত একইসঙ্গে হাত-পা বেঁধে রাখা, দাসবৃত্তি বা জোর করে শ্রমিকদের কাজে বাধ্য করা বন্ধে কেন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে না, তা সরকারকে জানাতে বলেছে। শ্রম সচিব, স্বরাষ্ট্র সচিব, পরিবেশ সচিব, প্রধান শ্রম পরিদর্শক (শ্রম মন্ত্রণালয়), পুলিশের মহাপরিদর্শক এবং ঢাকার জেলা প্রশাসককে আগামী দুই সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। গত ২৭ জানুয়ারি সাভারের এক ইটভাটা থেকে শেকলবাঁধা ২৭ শ্রমিককে উদ্ধার করে র‌্যাব। পরদিন সংবাদ মাধ্যমে তা প্রকাশ হয়। এরপর এ ধরনের আরো কয়েকটি ঘটনা প্রকাশ হলে বাংলাদেশ হিইম্যান রাইটস ফাউন্ডেশন এ নিয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করে। ওই আবেদনে রোববার হাইকোর্ট এ আদেশ দেয়। আদালতে হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষে শুনানি করেন এলিনা খান। সরকার পক্ষে ছিলেন এবিএম আলতাফ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/প্রতিনিধি/এমআই/১৫৪৫ ঘ.