২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানি অপচয়ের সাজা ৫ বছর রেখে আইন হচ্ছে

পানি অপচয়ের জন্য সর্বোচ্চ সাজা ৫ বছর কারাদণ্ড এবং ৫ লাখ টাকা জরিমানার বিধান রেখে প্রণয়ন হচ্ছে বাংলাদেশ পানি আইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 08:41 AM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পানি অপচয়ের জন্য সর্বোচ্চ সাজা ৫ বছর কারাদণ্ড এবং ৫ লাখ টাকা জরিমানার বিধান রেখে প্রণয়ন হচ্ছে বাংলাদেশ পানি আইন। রোববার এ আইনের খসড়া জাতীয় পানিসম্পদ পরিষদে অনুমোদিত হয় বলে পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন সাংবাদিকদের জানিয়েছেন। সভায় প্রস্তাবিত আইন পরিমার্জনের জন্য পানিসম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) মহাপরিচালক মকবুল হোসেনকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ১৫ দিনের মধ্যে পরিমার্জিত খসড়া পানিসম্পদ মন্ত্রণালয়ে জমা দেবে। এরপরই খসড়াটি নীতিগত অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। এরপর প্রয়োজনীয় সংশোধনী শেষে আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য পাঠানো হবে। তাদের অনুমোদন পাওয়ার পর এটি চূড়ান্ত অনুমোদনের জন্য আবারো মন্ত্রিসভায় উঠবে। তারপর আইনটি পাসের জন্য সংসদে যাবে। পরিষদের সভাপতি রমেশ বলেন, দেশে এক সময় পানি ছিলো অবারিত সম্পদ। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেশে পানির সঙ্কট দেখা দিয়েছে। গোটা বিশ্বেই এখন পানির সঙ্কট চলছে। এ অবস্থায় পানিসম্পদ রক্ষা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য পানি নীতির আলোকে এ আইন হচ্ছে। ১৩টি মন্ত্রণালয় ও ৩৫টি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে আইনের খসড়াটি তৈরি করা হয়। খসড়ায় পানিসম্পদের অপচয় বন্ধ ও আইন লঙ্ঘনের জন্য সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। এতে পানির অননুমোদিত ব্যবহার, পানি ব্যবহারের হিসাব, দলিল ও সম্পদ দেখাতে ব্যর্থতা, আইনের নির্দেশনা অমান্য, পৌরসভার পানি কার্যক্রমে ব্যবহৃত পরিমাণ যন্ত্রে হস্তক্ষেপ, বিভ্রান্তিমূলক তথ্য উপাত্ত দেওয়া, পানির ব্যবহারে আইনসম্মত নিবন্ধন না নেওয়া, কোনো ব্যক্তিকে পানির অধিকার না দেওয়া, পানির ক্ষতি করা এবং অননুমোদিতভাবে পানির অধিকার বিক্রি বা ইজারা দেওয়াকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অনুমোদন ছাড়া ভূ-গর্ভস্থ পানি সরবরাহ, খাল-নালা বা অন্য কোনো আধার থেকে অবৈধভাবে পানি নেওয়া, প্রাকৃতিক জলাধারে কৃত্রিম প্রতিবন্ধকতা সৃষ্টি, পানিসম্পদের অবৈধ দখল ও দূষণ এবং পানি সংক্রান্ত সরকারি আদেশ, আইন বা বিধি লঙ্ঘনকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে প্রস্তাবিত আইনে। ব্যক্তি বা বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান বা কোম্পানির ক্ষেত্রেও এ আইনে সংঘটিত অপরাধের জন্য আর্থিক দণ্ড দেওয়া যাবে। প্রস্তাবিত আইনে বলা হয়, পানির প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টির ক্ষেত্রে বাধা অপসারণের নির্দেশ দেওয়ার ক্ষমতা থাকবে পানিসম্পদ মন্ত্রণালয়ের। এছাড়া অনুমোদনবিহীন পানির ব্যবহার, ভুল তথ্য দেওয়া ও ভূ-সম্পদে প্রবেশে বাধা দিলে দোষী ব্যক্তির বিরুদ্ধে সমন বা গ্রেপ্তারী পরোয়ানা জারিরও ক্ষমতা দেওয়া হয়েছে এ আইনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৫২৫ ঘ.

এ সম্পর্কিত আরো খবর