বাগেরহাট, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আকস্মিক ধর্মঘটের কারণে বাগেরহাট থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে।
নসিমন, করিমন, ইজিবাইক ও মটর সাইকেলে যাত্রীবহণের প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে পূর্ব ঘোষণা ছাড়াই রোববার ভোর থেকে স্থানীয় বাস মালিক ও শ্রমিক সংগঠন এই ধর্মঘট শুরু করে।
ধর্মঘটের কারণে বাগেরহাট থেকে ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রামসহ ১৮টি অভ্যন্তরীণ ও আন্ত:জেলা রুটে সব ধরণের বেসরকারী বাস চলাচল বন্ধ রয়েছে। এর ফলে এসব রুটের যাত্রীরা পড়েছেন দুর্ভোগে।
বাগেরহাট আন্ত:জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক খান মনির হোসেন সাংবাদিকদের জানান, গত ২২ এপ্রিল লিখিত দাবি স্থানীয় প্রশাসনের কাছে জমা দিয়েছেন। দাবি পূরণে ২১ মে পর্যন্ত সময়ও বেধে দিয়েছেন তারা। কিন্তু প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি।
বাগেরহাটের জেলা প্রশাসক মো. আকরাম হোসেন এ ব্যাপারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধর্মঘট আহ্বানের ব্যাপারে সংশ্লিষ্ট বাস মালিক সমিতিগুলো আগে থেকে কিছুই জানায়নি।
তিনি বলেন, "তারা অবৈধভাবে ধর্মঘট ডেকে জনদুর্ভোগ সৃষ্টি করছেন। ধর্মঘট তুলে নিতে আমরা তাদের সঙ্গে আলোচনা করছি।"
জেলার মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি গ্রামের আনিছুর রহমান জানান, সপরিবারে ঢাকায় যাওয়ার জন্য তিনি ভোরে বাগেরহাট বাসস্ট্যান্ডে এসেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আকস্মিক পরিবহণ ধর্মঘটের কারণে আমি ঢাকা যেতে পারছি না। এখন যে বাড়ি ফিরে যাব, তারও উপায় নাই। কারণ মোরেলগঞ্জ রুটেও বাস চলাচল বন্ধ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪১২ ঘ.
bdnews24