২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেজগাঁওয়ে ধস ভবন মালিক-প্রকৌশলীর বিরুদ্ধে ৭টি মামলা

তেজগাঁওয়ের নাখালপাড়ায় ধসের কারণে নির্মাণাধীন হাসপাতাল ভবন মালিক ও প্রকৌশলীর বিরুদ্ধে সাতটি মামলা হয়েছে, এর একটি করেছে রাজউক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 04:37 AM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেজগাঁওয়ের নাখালপাড়ায় ধসের কারণে নির্মাণাধীন হাসপাতাল ভবন মালিক ও প্রকৌশলীর বিরুদ্ধে সাতটি মামলা হয়েছে, এর একটি করেছে রাজউক। ইমপালস মেডিকেল কলেজ ও হাসপাতালের ওই নির্মাণাধীন ভবনে পাইলিংয়ে ত্র"টির কারণে শনিবার এ ধস সৃষ্টি হয়েছে বলে রাজউক ও অগ্নি নির্বাপক বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন ডা. আলী জহির আল আমিন। ভবনটি নির্মাণ করছে ইসলামিক ট্রেড কনসোর্টিয়াম লিমিটেড (আইটিসিএল)। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউকের হয়ে শিল্পাঞ্চল থানায় মামলাটি করেছেন সংস্থার মহাখালী অঞ্চলের কর্মকর্তা শফিকুল ইসলাম। এতে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও আইটিসিএলের প্রকৌশলী শামীম আক্তারকে আসামি করা হয়েছে। এছাড়া ওই এলাকার ছয় বাসিন্দা আরো ছয়টি মামলা করেন বলে শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক মোক্তার হোসেন রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করার কথা আগেই জানিয়েছিলেন রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. নূরুল হুদা। তিনি বলেন, সঠিক পরিকল্পনা না করে ভবন তৈরি করলে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে রাজউক। সাত দিনের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। চ্যানেল আই ভবনের কাছের এলাকায় ধস সৃষ্টি হওয়ার পর চারটি টিনশেড ভবন ও একটি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। আশপাশের বেশ কয়েকটি ভবন ঝুঁকিতে পড়ায় ধস ঠেকাতে মাটি ও বালুর বস্তা ফেলা হচ্ছে। অগ্নি নির্বাপক বাহিনী আশপাশের বেশ কয়েকটি ভবনের বাসিন্দাদের সরে যাওয়ার পরামর্শ দেয়। এছাড়া গ্যাসের পাইপ লাইনে ফাটল দেখা দেওয়ায় অনেক বাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। মো. হারুণ নামে ওই এলাকার এক বাসিন্দা সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের এখানে ১৫টি বাড়িতে গ্যাস নেই। আত্মীয়-স্বজনের বাড়িতে খেতে হচ্ছে।" ধস থেকে আশপাশের ভবনগুলোকে রক্ষা করতে পাইলিংয়ের জন্য খোঁড়া গর্তে মাটি ফেলা রোববার সকালেও চলছিলো। অগ্নি নির্বাপক বাহিনীর কর্মকর্তা মেজর মাহবুব জানান, আরো অন্তত তিন দিন মাটি ফেলতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১০৩০ ঘ.

এ সম্পর্কিত আরো খবর