ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ আরো দুটি জেলার কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান রিপন ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং রাজবাড়ী ও ঝালকাঠি জেলা কমিটি ঘোষণা করা হয়।
২০০৬ সালের ৫ এপ্রিল দুই বছরের জন্য সংগঠনের দায়িত্ব নেন বর্তমান কেন্দ্রীয় কমিটির নেতারা। তাদের দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম এ শাখাগুলোতে কমিটি দিলো ছাত্রলীগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির মেয়াদ এক বছর।
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি করা হয়েছে আনম আহমাদুল বাশারকে। দেবু কুমার ভট্টাচার্যকে সহ-সভাপতি, আলমগীর সারোয়ার মামুনকে সাধারণ সম্পাদক এবং ইলিয়াছুর রহমানকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
রাজবাড়ী জেলা শাখার সভাপতি করা হয়েছে মো. মুসাব্বির হোসেন খানকে। এছাড়া রকিবুল হাসান বাপ্পীকে সহ-সভাপতি, জাকারিয়া মাসুদ রাজীবকে সাধারণ সম্পাদক এবং ইয়াছির আরাফাত রামীমকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
হাদিসুর রহমানকে ঝালকাঠি জেলার সভাপতি এবং মো. জামাল হোসেন মিঠুকে সাধারণ সম্পাদক করে এ জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অন্তর্কোন্দল ও সহিংসতায় জড়িয়ে পড়ায় ছাত্রলীগের বেশ কয়েকটি জেলা কমিটি বিলুপ্ত করা হয়।
গত বছর বিভিন্ন সময় ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, মেহেরপুর, সাতক্ষীরা, বাহ্মণবাড়িয়া, মানিকগঞ্জ, শেরপুর জেলা এবং বরিশাল মহানগর কমিটি বিলুপ্ত করে ছাত্রলীগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএইচ/পিডি/২৩১৯ ঘ.
bdnews24