কক্সবাজার, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দুপুরে লেমশিখালী ইউনিয়নের তহলী পাড়া এলাকা থেকে পুলিশ গৃহবধূ ডেইজি আক্তারের (১৭) লাশ উদ্ধার করে।
এলাকার লোকজন ডেইজির স্বামী মোহাম্মদ শওকতকে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে।
এ ঘটনায় ডেইজি আক্তারের মা মিনুয়ারা বেগম বাদী হয়ে শওকতসহ অজ্ঞাত পরিচয় আরো ৩/৪ জনকে আসামি করে কুতুবদিয়া থানায় মামলা করেছেন।
মামলার বরাত দিয়ে কুতুবদিয়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, তহলী পাড়ার শওকতের সঙ্গে কৈয়ারবিলের ডেইজি আক্তারের বিয়ে হয় প্রায় ৬ মাস আগে।
বুধবার (১৮ মে) শওকত স্ত্রীকে শ্বশুর বাড়ি রেখে আসে। শুক্রবার আবার স্ত্রীকে আনতে যায়। রাত ৮টার দিকে ডেইজি তার স্বামীর সঙ্গে সাথে শ্বশুর বাড়ির উদ্দেশে চলে যায়।
শনিবার ভোরে শওকত আবার শ্বশুরবাড়ি গিয়ে শাশুড়িকে জানায়, ডেইজি রাতে তাদের বাড়ি (শ্বশুরবাড়ি) চলে এসেছে।
এরপর সবাই খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে দুপুর আড়াইটার দিকে তাদের বাড়ির পাশে খালের গর্তে ডেইজির লাশ পাওয়া যায়।
মামলায় আরো বলা হয়, আগেরদিন রাতে বাড়ি যাওয়ার পথে শওকত নিজে ডেইজিকে হত্যা করেছে বলে সন্দেহ করা হচ্ছে।
ওসি আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে শওকত তার স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে মাটিতে পুঁতে রাখে বলে ধারণা করা হচ্ছে।
ডেইজির মা মিনুয়ারা বেগম সাংবাদিকদের জানান, গত কোরবানি ঈদের চারদিন আগে স্থানীয়দের সহায়তায় তারা ডেইজিকে বিয়ে দেন। বিয়ের পর প্রায়ই স্বামী ডেইজিকে নির্যাতন করতো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৭ ঘ.
bdnews24