২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অটোরিক্সার ভাড়া কিলোতে ২ টাকা বৃদ্ধির দাবি মালিকদের

সিএনজি অটোরিক্সার সর্বনিু ভাড়া ১০ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটার দুই টাকা বাড়ানোর দাবি জানিয়েছে ঢাকা মহানগর অটোরিক্সা মালিকদের সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2011, 02:43 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিএনজি অটোরিক্সার সর্বনিু ভাড়া ১০ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটার দুই টাকা বাড়ানোর দাবি জানিয়েছে ঢাকা মহানগর অটোরিক্সা মালিকদের সমিতি। সিএনজির মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে শনিবার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় ঢাকা মহানগর অটোরিক্সা ঔনার্স অ্যাসোসিয়েশন। সরকার নির্ধারিত চালকদের দৈনিক জমা ছয়শ টাকার স্থলে আটশ টাকা করা এবং আগামী বাজেটে সিএনজি অটোরিক্সার খুচরা যন্ত্রাংশ শুল্কমুক্ত আমদানির সুযোগ দেওয়ারও দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এটিএম নাজমুল হাসান বলেন, "আমাদের দাবি প্রথম ২ কিলো ২৫ টাকার জায়গায় ৩৫ টাকা এবং পরবর্তী প্রতি কিলো সাত টাকার স্থলে নয় টাকা করা। বিরতিকালের ভাড়া (ওয়েটিং কস্ট) ২৫ পয়সার স্থলে এক টাকা ৫০ পয়সা করতে হবে।" গত ১২ মে সিএনজির দাম প্রায় ৫০ শতাংশ বাড়িয়ে প্রতি ঘনমিটার ২৫ টাকা নির্ধারণ করে সরকার। এরপর ১৬ মে যোগাযোগ মন্ত্রণালয়ে পরিবহন মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে বৈঠকের পর ঢাকা ও চট্টগ্রাম সিএনজি অটোরিক্সার ভাড়া সাত টাকা থেকে বাড়িয়ে সাত টাকা ৫০ পয়সা করা হয়। বিরতিকালে প্রতি মিনিটের ভাড়া এক টাকা ২৫ পয়সা থেকে বাড়িয়ে করা হয় এক টাকা ৫০ পয়সা। নাজমুল বলেন, বর্তমানে অটোরিক্সার খুচরা যন্ত্রাংশ, মবিল-গ্রিজ, টায়ার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে সরকার নির্ধারিত আগের জমায় মালিকদের পক্ষে গাড়ি পরিচালনা করা সম্ভব হচ্ছে না। সংবাদ সম্মেলনে বক্তারা অটোচালকদের প্রতি পুলিশি এবং বিআরটিএ'র 'হয়রানিমূলক' আচরণ বন্ধের আহ্বান জানান। অটোচালকদের অতিরিক্ত ভাড়া আদায় এবং মিটারে না যেতে চাওয়ার প্রশ্নে অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন উর রশিদ বলেন, "এরকম অভিযোগে অভিযুক্ত চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রয়োজনে আমরা বিআরটিএকে সাহায্য করতে প্রস্তুত আছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/পিডি/১৮২৭ ঘ.