২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অপশক্তি' এড়াতে সহনশীল হতে বললেন স্পিকার

স্পিকার আবদুল হামিদ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সহনশীলতা থাকলে এক-এগারোর মতো কোনো অপশক্তি রাষ্ট্রক্ষমতা দখল করার সুযোগ পাবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2011, 02:20 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্পিকার আবদুল হামিদ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সহনশীলতা থাকলে এক-এগারোর মতো কোনো অপশক্তি রাষ্ট্রক্ষমতা দখল করার সুযোগ পাবে না। সংসদের নবম অধিবেশন শুরুর আগের দিন শনিবার সংসদকে আরো প্রানবন্ত করতে প্রধান দু'দলের সহযোগিতাও কামনা করেন স্পিকার। রোববার সংসদের নবম অধিবেশন শুরু হচ্ছে। এ অধিবেশনে আগামী অর্থবছরের বাজেট পেশসহ আলোচিত পঞ্চদশ সংবিধান সংশোধনী বিল উপস্থাপনের কথা রয়েছে। সংসদ ভবনে নিজ বাসভবনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন স্পিকার। ২০০৭ সালের ১ জানুয়ারি দেশে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আসার পেছনে রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা ও অনমনীয় মনোভাবকে 'কিছুটা' দায়ী করেন আবদুল হামিদ। তিনি বলেন, "ওয়ান ইলেভেনের জন্য শুধু কি তারা দায়ী? আমি মনে করি, তৎকালীন সরকারি দল, বিরোধী দল ও অন্যান্য রাজনৈতিক দলগুলো কিছুটা দায়ী। তারাই [দলগুলো] তো তাদের [সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের] রাস্তা উন্মুক্ত করে দিয়েছে।" স্পিকার বলেন, "তৎকালীন সরকারি ও বিরোধী দলের অবস্থান, আন্দোলনে এমন অবস্থায় পৌঁঁছেছে যে জনগণই বলেছে- মুক্তি দিন, ওদের জন্য রাস্তা তৈরি করে দিলে ও তাদের আসতে সাহায্য না করলে ওই ঘটনা ঘটতো না।" তিনি বলেন, দলগুলোর পারস্পরিক সহনশীল মনোভাব থাকলে কোনো অপশক্তি রাষ্ট্রক্ষমতা দখল করতে পারবে না। সব দিক বিবেচনা করে দলগুলোকে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন স্পিকার। 'বর্জন সংস্কৃতি পরিহার করুন' জাতীয় সংসদ বর্জনের সংস্কৃতি পরিহার করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানান স্পিকার। তিনি বলেন, যারা আগে ক্ষমতায় ছিলো তারা আজ বিরোধী দল, আগের বিরোধী দল এখন ক্ষমতায়। বিরোধী দল নানা ইস্যুতে সংসদ বর্জন করেই আসছে। "সংসদ বর্জন থেকে উত্তরণ হওয়া দরকার। রাজনীতির গুণগত পরিবর্তন করতে হবে নিজেদের কল্যাণে, জনগণের কল্যাণে। বর্জনের সংস্কৃতি পরিহার করা উচিত।" বিরোধী দলকে অতীতের যে কোনো সময়র তুলনায় সংসদে বেশি কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে বলে দাবি করেন স্পিকার। সুষ্ঠু পরিবেশ তৈরিতে নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি। আসন্ন অধিবেশনে যোগ দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান আবদুল হামিদ। সংবিধান সংশোধন বিভক্তি ভোটে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল প্রচলিত বিলের মতো 'হ্যাঁ-না' ভোটে পাস করা হবে না বলে জানান স্পিকার। তিনি বলেন, বিভক্তি ভোটের মাধ্যমে এ সংশোধনী পাস হবে। "কার্যপ্রণালী বিধি অনুযায়ী যারা (সংসদ সদস্য) সংশোধনীর পক্ষে থাকবে তারা এক লবিতে, যারা সংশোধনীর বিপক্ষে তারা আরেক লবিতে। এজন্য সংশ্লিষ্টদের স্বাক্ষরও নিতে হতে পারে। এরপর তা গণণা করে ঘোষণা করা হবে।" প্রস্তাবিত সংবিধান সংশোধন অনুমোদনের প্রক্রিয়া ব্যাখ্যা করতে গিয়ে স্পিকার জানান, আদালতের রায়ের আলোকে সংবিধান সংশোধনে বিশেষ কমিটির সুপারিশ বিল আকারে সংসদে উপস্থাপন করতে পারেন [আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী]। সাধারণত বিল সংসদে উত্থাপনের পর তা স্থায়ী কমিটিতে পাঠানো হয়। এ বিলের ক্ষেত্রে আইন মন্ত্রী বিলটি মন্ত্রণালয়ে পাঠাতে বলতে পারেন। "বিলের প্রতিবেদন দেওয়ার জন্য স্থায়ী কমিটিতে পাঠানোর জন্য বলা হবে। সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদনসহ সংসদে সংশোধনী বিলটি অনুমোদনে সংসদে প্রস্তাব করবেন মন্ত্রী।" 'প্রতিটি দফায় সংশোধনী দিতে পারে বিরোধী দল' সংসদে বিরোধী দল থাকলে সংবিধান সংশোধনী বিলের বিষয়ে মতামত দিলে তা বিবেচনাও হতে পারে বলে মন্তব্য করেন স্পিকার আবদুল হামিদ। "বিরোধী দল বিলটি জনমত যাছাই ও বাছাইয়ের জন্য বলতে পারে। বিলে যদি ভুল ত্র"টি আছে মনে করে, মতামত দিক, বিবেচনা হতেও পারে। বিলের প্রতিটি দফায় সংশোধনী দিতে পারে। শুধু বিরোধী দল নয়, সরকারি দলও দিতে পারে। অবশ্যই সংশোধনীর উপর আলোচনা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০০৯ ঘ.

এ সম্পর্কিত আরো খবর