গাইবান্ধা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাক চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে তার বাবা ও মা।
শনিবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিপন (৭) উপজেলার দরবস্ত ইউনিয়নের নলডাঙ্গা গোবিন্দপুর গ্রামের মোফাচ্ছেল হোসেনের ছেলে। তার মায়ের নাম আমিনা বেগম।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা প্রায় এক ঘণ্টা ওই মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোফাচ্ছেল স্বপরিবারে বাড়ি থেকে রিক্সা-ভ্যানে গোবিন্দগঞ্জ যাচ্ছিল। কালিতলা এলাকায় দুপুর ২টার দিকে বিপরীত দিক থেকে আসা রংপুরগামী একটি ট্রাক রিক্সা-ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান যাত্রী শিশুটি নিহত হয়।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ট্রাকটি আটক করেছে। এর চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৭২৯ ঘ.
bdnews24