ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেজগাঁওয়ের নাখালপাড়ায় ধস ও ফাটলের কারণে নির্মাণাধীন ইমপালস মেডিকেল কলেজ ও হাসপাতালের মালিক, প্রকৌশলী ও নকশাবিদের বিরুদ্ধে মামলা হবে বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান মো. নূরুল হুদা।
শনিবার প্রথম প্রহরে চ্যানেল আই ভবনের কাছের নির্মাণাধীন ওই মেডিকেল কলেজের পাইলিংয়ের সময় ধস ও ফাটল সৃষ্টি হয়। এতে সকাল পর্যন্ত চারটি টিনশেড ঘর ও একটি রাস্তা ধসে পড়েছে। ঝুঁকিতে রয়েছে অনেকগুলো আবাসিক ভবন।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী হুদা সকালে ঘটনাস্থলে যান।
তিনি সাংবাদিকদের বলেন, "সয়েল টেস্ট ও পাইলিংয়ে ত্র"টির কারণে এ ঘটনা ঘটেছে। এর জন্য ভবন মালিক, প্রকৌশলী ও নকশাবিদের বিরুদ্ধে মামলা হবে।"
মামলায় কী শাস্তি হতে পারে- জানতে চাওয়া হলে রাজউক চেয়ারম্যান বলেন, এর সর্বোচ্চ সাজা ৩ বছর কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানা।
ধসের কারণে ক্ষতিগ্রস্ত ঘরগুলোর মালিকদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না- প্রশ্ন করা হলে নূরুল হুদা বলেন, "এটা রাজউক দেবে না। দেবে দায়ী ভবনের (ইমপালস কর্তৃপক্ষ) মালিক। তবে রাজউক এতে মধ্যস্থতা করতে পারে।"
সকাল ১১টার দিকে রাজউক চেয়ারম্যান যখন ঘটনাস্থলে যান, তখন ভবন মালিক কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।
বেসরকারি ওই মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আলী জহির আল আমিন।
খালেদা ইয়াসমিন নামে এক জন নিজেকে ওই মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পরিচয় দিয়ে সাংবাদিকদের বলেন, প্রায় ৮০ জন চিকিৎসক মিলে এ ভবন তৈরি করছেন। এটি নির্মাণ করছে ইসলামিক ট্রেড কনসোর্টিয়াম লিমিটেড (আইটিসিএল)।
"তাদের অফিস দিলকুশায়। তবে ঘটনার পর অফিসে গিয়েও তাদের কাউকে পাওয়া যায়নি", বলেন তিনি।
তাজউদ্দিন সড়কের পাশের চ্যানেল আই ভবনের পশ্চিমপাশের কয়েকটি ভবনের পরের প্লটে (৩০৪/ই, তেজগাঁও) ইমপালস মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজ চলছে। নির্মাণাধীন ওই ভবনের পশ্চিম-উত্তর প্রান্তে ধস ও ফাটল দেখা দিয়েছে।
দমকল বাহিনীর পরিচালক (প্রশাসন ও অর্থ) এম আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, এখন আশপাশের ভবনগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সবাইকে সরে যাওয়ার প্রস্তুতি রাখতে হবে।
দমকল বাহিনীর বলার পরপরই আশপাশের ভবনের বাসিন্দারা বাড়ি ছাড়তে শুরু করে। সকালে আশপাশের অন্তত ১৩টি বাড়িতে কোনো লোকজন দেখা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১১১০ ঘ.
bdnews24