শেরপুর, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন শেরপুরের সাইফুল ইসলাম।
বৃহস্পতিবার বিকালে জেলার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম নূরুল আলম মোহাম্মদ নিপুর আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
বুধাবর সদর উপজেলার ঘোনাপাড়া গ্রামের আড়াই বছরের একটি মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়। ওইদিনই পুলিশ তারা বাবা সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে।
পরদিন সাইফুল ইসলামের স্ত্রী ফাতেমা ওরফে ফতে স্বামীর বিরুদ্ধে শেরপুর থানায় মামলা করেছেন।
শেরপুর সদর থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল করিম জানান, এক সপ্তাহের মধ্যে মামলার অভিযোগপত্র দেওয়া হবে।
পুলিশ কর্মকর্তা আরো জানান, জমি নিয়ে সাইফুল ইসলামের সঙ্গে ভগ্নিপতি নতু ওরফে আলমের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বুধবার ভোরে বিরোধপূর্ণ ওই জমিতে গাছের ডাল কাটতে গেলে সাইফুলকে তার ভগ্নিপতি ও ভাগ্নেরা মারধর করে।
তাই ভগ্নিপতি ও তার পরিবারের সদস্যদের ফাঁসাতে দা দিয়ে কুপিয়ে নিজের আড়াই বছরের মেয়েকে হত্যা করে লাশ নিয়ে থানায় মামলা দায়ের করতে যান। ওই সময় জিজ্ঞাসাবাদে সন্দেহ হলে পুলিশ সাইফুলকে আটক করে।
এদিকে ময়নাতদন্ত শেষে শিশুটির লাশ মায়ের কাছে হস্তান্তর করে পুলিশ। পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৯ ঘ.
bdnews24