২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় পরিবহন ধর্মঘটের হুমকি

নছিমন-করিমনসহ অনুমোদনহীন বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ না করলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুমকি দিয়েছে সাতক্ষীরার পরিবহন মালিক ও শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2011, 05:03 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

সাতক্ষীরা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নছিমন-করিমনসহ অনুমোদনহীন বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ না করলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুমকি দিয়েছে সাতক্ষীরার পরিবহন মালিক ও শ্রমিকরা। জেলা বাস-মিনিবাস মালিক সমিতি এবং পাঁচটি শ্রমিক সংগঠন আগামী ২৩ মে সোমবার থেকে এ ধর্মঘটে যাওয়ার হুমকি দেয়। শুক্রবার বাস মিনিবাস মালিক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাতক্ষীরা কেন্দ্রীয় বাসটার্মিনালে বাস-মিনিবাস মালিক সমিতি কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রমিক-মালিক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। সমিতির সহ-সভাপতি সাজেদুর রহমান খান মজনুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন, ইটাগাছা ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক সংগঠন নেতা আব্দুল আজিজ, নারিকেলতলা ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রকিব, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, মটর শ্রমিক ইউনিয়ন নেতা মশিউর রহমান, শেখ রবিউল ইসলাম প্রমুখ। সভায় নেতারা বলেন, আগামী রোববারের (২২ মে) মধ্যে জেলার সব সড়ক ও মহাসড়কে নছিমন, করিমন, গ্রামবাংলা, ইজিবাইক চলাচল বন্ধ করা না হলে সোমবার (২৩ মে) থেকে সব রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হবে। বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ ছাইফুল করিম সাবু বলেন, জেলার বিভিন্ন রুটে নছিমন-করিমন, গ্রামবাংলা, ইজিবাইক চলাচল করায় বাস ও মিনিবাস মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি প্রশাসনকে বহুবার জানানোর পরও কোনো ব্যবস্থা নেয়নি। তিনি আরো বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে কয়েকবার এ ব্যাপারে সভা হয়। সভায় এসব যান চলাচল বন্ধের সিদ্ধান্ত হলেও তা বাস্তবায়িত হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৬ ঘ.