নোয়াখালী, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর হাতিয়া উপজেলায় সহিংসতা দমনে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উপজেলার ওছখালী ও জাহাজমারা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গত তিনদিনে ১৯ জনকে গ্রেপ্তার করলো পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- কামাল উদ্দিন (৩০), হাবিব উল্লা (২৫), রাশেদ উদ্দিন (৩৫), রফিকুল ইসলাম (২৫), মো. রাশেদ (২৩), আক্তার মিয়া (২৬) ও এনামুল হক (২৫)। এরা সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী ও স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের সমর্থক হিসেবে পরিচিত।
হাতিয়া থানার ওসি সুভাষ চন্দ্র পাল শুক্রবার বিকালে সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারকৃতদের কেউই গত রবি ও সোমবারের ঘটনায় দায়ের করা দুটি মামলার আসামি নন। 'শান্তিশৃঙ্খলা রক্ষার স্বার্থে' তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গত রোববার আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে পৌর মেয়র ইউসুফ আলীসহ ১৬ জন আহত হন। এছাড়া সোমবার স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের বাড়িতে হামলার ঘটনায় আহত হন ৩৫ জন।
এই দুই ঘটনার পর উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন, যা টানা প্রায় চারদিন বলবৎ থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/জেকে/২০২৯ ঘ.
bdnews24