২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় ট্রলারডুবিতে নিহত ২, নিখোঁজ ১০

নারায়ণগঞ্জে মেঘনা নদীতে একটি যাত্রীবাহী ট্রলারডুবিতে দু'জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরো ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2011, 02:31 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

নারায়ণগঞ্জ, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে মেঘনা নদীতে একটি যাত্রীবাহী ট্রলারডুবিতে দু'জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরো ১০ জন। শুক্রবার বিকালে আড়াইহাজার উপজেলার বিশনন্দী গ্রাম এলাকায় এ ট্রলারডুবি হয়। এ ঘটনায় দুই কর্মচারীসহ একটি বালুবাহী বাল্কহেড আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহত দু'জন হলেন- আড়াইহাজার উপজেলার গোপালদি ইউনিয়নের সঞ্জীব বর্মণ প্রদীপের স্ত্রী পার্বতী বর্মণ (৩৫) এবং ১০/১১ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক শিশু। নিখোঁজদের মধ্যে রয়েছন- কুমিল্লার হোমনা উপজেলার বৈশাখী, গাজিপুরের টঙ্গীর শিলা বেগম, আড়াইহাজারের রামচন্দ্রদী গ্রামের গফুর মিয়া, হাজী ইজ্জত আলী, রামু মিয়া, বিশনন্দী গ্রামের সখিনা বেগম ও পারুল। বাকিদের নাম জানা যায়নি। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৫টার দিকে কুমিল্লা জেলার হোমনা থেকে ৩০/৩৫ জন যাত্রী নিয়ে ছেড়ে আসা একটি ইঞ্জিনচালিত ট্রলার আড়াইহাজার উপজেলার বিশনন্দী খেয়াঘাটে এসে পৌঁছে। বিপরীত দিক থেকে একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। ট্রলারটির অধিকাংশ যাত্রী সাতঁরে কূলে উঠতে সক্ষম হলেও নিখোঁজ থাকে অনেকে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এলাকাবাসীর সহায়তায় পুলিশ নদী থেকে দুই ট্রলারযাত্রীর লাশ উদ্ধার করে। দুর্ঘটনার পর দুই কর্মচারী মোজহার মিয়া ও জাফর আহমেদসহ ওই বাল্কহেডটি আটক করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তা আরো বলেন, এলাকাবাসী ও পুলিশ নদীতে উদ্ধার অভিযান শুরু করেছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিদলকে খবর দেওয়া হয়েছে। ট্রলারযাত্রী কায়েস আহমেদ ও সোলায়ামান জানান, ট্রলারে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিল। ১০ জন যাত্রী এখনো নিখোঁজ রয়েছে। তাদের বেশিরভাগই আড়াইহাজারের বিভিন্ন এলাকার বাসিন্দা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫১ ঘ.