২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্তত সুন্দরবনের জন্য 'এক' হওয়ার আহ্বান সুরঞ্জিতের

সুন্দরবনকে বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2011, 12:23 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনকে বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সুন্দরবন সমর্থক জাতীয় সমন্বয় কমিটির এক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, "বাংলাদেশে সবকিছুকে নিয়েই রাজনীতি হয়। রাজনীতির বাইরে গিয়ে দেশকে যে গৌরবোজ্জ্বল করা যায়, সেটা আমরা ভাবি না।" সুরঞ্জিত বলেন, "বাংলাদেশের রাজনীতির যা অবস্থা হয়েছে- আমরা জাতীয়তাবাদী ও স্বাধীনতার স্বপক্ষের শক্তি একে অন্যের বিয়েতে যাই না। আগে খবর লই, এটা আওয়ামী লীগ না-কি বিএনপি।" আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেন, "এই অবস্থায় অরাজনৈতিক বিষয়ে আমরা একত্রে কাজ করতে পারি। সুন্দরবনের ইস্যুতে আওয়ামী লীগ ও বিএনপি ঐক্যবদ্ধ হতে পারে।" আয়োজকদের উদ্দেশ্যে সুরঞ্জিত বলেন, "আজকের এই অনুষ্ঠানে আমাকে ডেকেছেন। বিএনপিকেও ডাকেন। তারা যদি বোঝেন, তাহলে ভালো হবে। কারণ তাদেরও তো একটা অবস্থান আছে।" অ্যাভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহিম গোল টেবিল বৈঠকে বলেন, "সপ্তাশ্চার্য নির্বাচনের প্রতিযোগিতায় সুন্দরবন গত মাসেও তৃতীয় অবস্থানে ছিলো। এখন ওই অবস্থান অষ্টমে নেমে এসেছে।" তিনি বলেন, "আর মাত্র ১৭১দিন বাকি। যা করার এই সময়ের মধ্যেই করতে হবে। আমরা প্রথম স্থান অধিকার করতে চাই।" অনুষ্ঠানে মূল প্রবন্ধে সুন্দরবন সমর্থক জাতীয় সমন্বয় কমিটির কো-চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, "সুন্দরবনকে জেতাতে হলে আনুমানিক ২৫ থেকে ৩০ কোটি ভোটের প্রয়োজন।" রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়া এতো ভোটের ব্যবস্থা করা সম্ভব নয় উল্লেখ করে এ বিষয়ে প্রধানমন্ত্রীকে প্রধান পৃৃষ্ঠপোষক করে জাতীয় পর্যায়ে একটি কমিটি করার প্রস্তাব দেন হারুন অর রশিদ। তিনি বলেন, সপ্তাশ্চর্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দেশগুলো রাষ্ট্রীয় উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রচার চালাচ্ছে। তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় টিকতে হলে বাংলাদেশ ও ভারতকে যৌথভাবে কাজ করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৮১৯ ঘ.